
আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শন প্রতিষ্ঠান দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের হত্যাকারীদের দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।
ইরফানুল হত্যা মামলা তদন্তকারী কলাবাগান থানার পুলিশ তদন্তে অগ্রগতির দাবি করলেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা জানিয়েছে।
গত শনিবার বেলা ১১টার দিকে ইরফানুল ইসলাম ৩ লাখ ৮ হাজার টাকার একটি চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে ধানমন্ডির অফিস থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সেদিন বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ির একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘আশা করি পজিটিভ (ইতিবাচক) খবর দিতে পারব শিগগিরই। সে জন্য কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে। তদন্তে অগ্রগতি আছে।’ তিনি বলেন, ঘটনা তদন্তে প্রযুক্তির সহায়তা নেওয়ার পাশাপাশি ইরফানুলের পরিবারের সদস্য ও দৃকের গাড়িচালকের সঙ্গে কথা বলেছে পুলিশ।
ইরফানুলের বড় ভাই ইমদাদুল ইসলাম বলেন, মামলার অগ্রগতি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই।