কাফরুল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এই উপপরিদর্শকের নাম মতিয়ার রহমান। তাঁর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ করেছেন। অবশ্য মতিয়ার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ সূত্র জানায়, এসআই মতিয়ারের হয়রানির হাত থেকে রক্ষা পেতে কাফরুলের স্থানীয় ১৭ জন বাসিন্দা আইজিপির কাছে ২২ আগস্ট অভিযোগপত্র জমা দেন। তাতে বলা হয়, আবেদনকারীরা ক্ষুদ্র ব্যবসায়ী। প্রায় প্রতিদিন এসআই মতিয়ার তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা নিয়ে যান। এছাড়াও তিনি তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করেন। ২০ আগস্ট কাফরুলের ১৪ নম্বর টিনশেড কলোনির বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মনির হোসেনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আটক করে পাশের মাঠে নিয়ে যান। এ সময় গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান উপপরিদর্শক মতিয়ার রহমান। এ বিষয়ে কাউকে কিছু বললে মনিরকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়ারও ভয় দেখান তিনি। এভাবে এই পুলিশ কর্মকর্তার হাতে অনেকেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। কাফরুলের ব্যবসায়ী গিয়াসউদ্দিন অভিযোগ করেন, দারোগা মতিয়ার মিরপুর ১০ নম্বর সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ের (বিআরটিএ) পাশ থেকে তাঁর ভাই মহিউদ্দিনকে আটক করেন। পরে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেন।স্থানীয় খায়রুল ইসলাম জানান, দারোগা মতিয়ার পথেঘাটে নিরীহ লোকজনকে আটক করেন—যাঁরা টাকা দিতে পারেন, তাঁদের ছেড়ে দেন। যাঁরা টাকা দিতে ব্যর্থ হন তাঁদের গ্রেপ্তার করে আদালতে চালান দেন। তাঁর হয়রানির শিকার হয়ে এলাকাবাসীর জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে।এ ব্যাপারে জানতে চাইলে মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কী কারণে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে তা তিনি জানেন না।