পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ অপমৃত্যু ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ চারজনের অপমৃত্যু হয়েছে। এঁদের মধ্যে গতকাল শনিবার নাজমুল হোসেন (২৭) নামের একজন ট্রেনের ধাক্কায় মারা যান। বাকি তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনজনের মধ্যে একটি পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁও রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মারা যায় নাজমুল। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরার মালিবাগ চৌধুরীপাড়ার এক বাসা থেকে মিজানুর রহমান (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে মিজান আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। এদিকে গত শুক্রবার রাতে সবুজবাগ থানার মাদারটেকের আদর্শপাড়ার এক বাসা থেকে লতিফা রানী সরকার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামী হীরেন্দ্র নাথ প্রামাণিক শাহবাগ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। সবুজবাগ থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, লতিফা রানী মানসিকভাবে অসুস্থ ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হীরেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, তিনি গত শুক্রবার সকালে দুই সন্তানকে নিয়ে শিশুপার্কে ঘুরতে যান। রাতে বাসায় ফিরে দেখেন লতিফা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। ঠিকমতো ঘুম হতো না বলে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিল লতিফা। এদিকে গত শুক্রবার বিকেলে সনিয়া আক্তার (১৭) নামের এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, সনিয়াকে হত্যা করা হয়েছে। সূত্র জানায়, সনিয়া পরিবারের সঙ্গে পল্লবীর ৩ নম্বর সড়কের ১২ নম্বর সেকশনের একটি বাসায় থাকত। শুক্রবার রাতে বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সনিয়ার বাবা সালাম শিকদারের অভিযোগ, বিভিন্ন অপবাদ এনে বাসার বাড়িওয়ালার স্ত্রী-সন্তানসহ কয়েকজন পিটিয়ে তাঁর মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় তিনি হত্যার কথা উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় রোকেয়া, শরীফা ও টিপু নামের তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠান। মৃত্যুর ধরন জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।