রাজধানীর মিরপুরের গুদারাঘাটে চা-দোকানি বাবুল মাতবরকে কেরোসিনের জ্বলন্ত চুলার ওপর ফেলে দেওয়া পুলিশের তথ্যদাতা (সোর্স) দেলোয়ারকে এখনো ধরতে পারেনি পুলিশ। এখনো তাঁর ঠিকানা ও অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
বাবুলের বড় মেয়ে রোকসানার করা মামলার তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলাটি করার সময় শাহ্ আলী থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের নাম এজাহারে উল্লেখ করেনি বলে অভিযোগ করেছিলেন বাবুলের পরিবারের সদস্যরা। পুলিশ মামলার এজাহারভুক্ত সাত আসামির মধ্যে পারুল ও রবিনকে গ্রেপ্তার করেছে। দেলোয়ারসহ বাকি পাঁচ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
ডিবির তদন্ত কর্মকর্তা মীর রেজাউল ইসলাম (ডিবি-পশ্চিম) গতকাল বলেন, দেলোয়ারের ঠিকানা সম্পর্কে তিনি এখনো নিশ্চিত হতে পারেননি। পুলিশের সোর্স হওয়ায় তাঁকে খুঁজতে পুলিশ কী করতে পারে, সে সম্পর্কে তিনি ভালোই বোঝেন। তাই খোঁজ পাওয়াটা একটু কষ্টকর হচ্ছে। গত ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে শাহ্ আলী থানার চার পুলিশ সদস্যের উপস্থিতিতে তাঁদের সোর্স দেলোয়ার বাবুলের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবুলকে লাথি মেরে কেরোসিন তেলের জ্বলন্ত চুলার ওপর ফেলে দেন দেলোয়ার। এতে তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। ৪ ফেব্রুয়ারি তিনি মারা যান।