ডিএমপির প্রতিষ্ঠা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ চলে লক্কড়-ঝক্কড় মার্কা, সন্ত্রাসী চলে আধুনিক গাড়িতে
‘সন্ত্রাসীরা আধুনিক গাড়ি নিয়ে অপরাধ করে। আর পুলিশ লক্কড়-ঝক্কড় মার্কা গাড়ি নিয়ে তাদের তাড়া করে। এতে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ গতকাল শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন। বিরোধী দল আহূত হরতাল প্রত্যাহারের জন্যও তিনি আহ্বান জানান। রাজধানীর রমনায় ডিএমপির সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা দিন-রাত পরিশ্রম করে আইনশৃঙ্খলা রক্ষা করছে, তাদের আবাসন, আধুনিক গাড়ি-সংকটসহ বিভিন্ন ধরনের সমস্যা আছে। এসব সমাধান করা হবে।বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে কী ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।বিরোধী দল আহূত হরতালের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল করেছে। তাই বিরোধী দলের হরতাল ডাকার কোনো যৌক্তিকতা নেই।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, বিরোধী দলের হরতাল অযৌক্তিক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ।