পুলিশ না আসায় উচ্ছেদ-অভিযানে বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ না আসায় কয়েক ঘণ্টার তৎপরতার পরও রাজধানীর সদরঘাটের পূর্ব পাশে শ্যামবাজার এলাকায় ৪৯টি ট্রানজিট শেড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি কর্তৃপক্ষ।

ওই ট্রানজিট শেড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আজ বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু দুপুর ১২টা নাগাদ তাঁরা উচ্ছেদ-অভিযান শুরু করতে পারেননি।

উচ্ছেদ-অভিযান চালাতে আসা কর্মকর্তাদের ভাষ্য, অভিযানে সহায়তা করতে মিরপুর থেকে পুলিশ আসার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তারা আসেনি। তাই অভিযান শুরু করা যায়নি।

ঘটনাস্থলে থাকা ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহবুব জামিল বলেন, পুলিশ আসলেই অভিযান শুরু করা হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অবৈধ স্থাপনা উচ্ছেদের যন্ত্র সকালে শ্যামবাজার এলাকায় পৌঁছালে অবৈধ স্থাপনার মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন কেউ কেউ নিজ উদ্যোগ তাঁদের মালামাল সরানোর কাজ শুরু করেন।

একপর্যায়ে অবৈধ স্থাপনার বেশ কিছু মালিক ও তাঁদের কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

মাসুদ নামের এক দোকান-মালিক বলেন, তাঁরা ২০১৬ সাল পর্যন্ত খাজনা দিয়েছেন। এখন কর্তৃপক্ষ তাঁদের স্থাপনা অবৈধ বলে তা ভাঙার চেষ্টা করছে।