পুলিশ সদর দপ্তর কাল ঘেরাও করবেন সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের অপসারণের দাবিতে আগামীকাল বুধবার পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন অপরাধবিষয়ক সাংবাদিকেরা। বেলা ১১টায় পুলিশ সদর দপ্তর ঘেরাও এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।১১ মে ধানমন্ডিতে বাসের চাপায় নিহত হন ইংরেজি দৈনিক দি ইনডিপেন্ডেন্ট-এর জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। ওই দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ওসি মনিরুজ্জামান অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেন বলে সাংবাদিকদের অভিযোগ।ওই বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত সাংবাদিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং ধানমন্ডি থানার ওসির অপসারণ দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়। অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ব্যানারে দুপুর ১২টার দিকে এই সমাবেশ হয়। ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক ইসারফ হোসেন প্রমুখ। সমাবেশের আগে সাংবাদিকদের খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় পর্যন্ত কয়েকবার প্রদক্ষিণ করে।