পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ এসআইসহ আহত ৩
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গত মঙ্গলবার মধ্যরাতে শ্যামপুর থানার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। শ্যামপুর থানার আহত উপপরিদর্শক (এসআই) হেলালউদ্দিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।শ্যামপুর থানা সূত্র জানায়, গত সোমবার শ্যামপুর এলাকা থেকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আবদুস সাত্তার নামের এক ব্যক্তির কাছ থেকে একটি প্রাইভেট কার ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি শ্যামপুর থানায় মামলা করেন। ওই দিনই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ যাত্রাবাড়ী এলাকা থেকে বাদশা মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, বাদশার তথ্যের ভিত্তিতে এসআই হেলালউদ্দিনের নেতৃত্বে শ্যামপুর থানার একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ ছিনতাই হওয়া গাড়িটি যাত্রাবাড়ী থানা এলাকায় দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যেতে থাকে। পুলিশ গাড়ির পিছু নেয়। একপর্যায়ে রূপগঞ্জের তারাবো এলাকায় হঠাৎ প্রাইভেট কারটি বিকল হয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে পালানোর সময় পুলিশ ধাওয়া দেয়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। একপর্যায়ে এসআই হেলালউদ্দিনের পেট ও পায়ে তিনটি গুলি লাগে। সন্ত্রাসী জিল্লুরের পেটে ও হালিমের ডান পায়ে লাগে। অন্যরা পালিয়ে যায়।