
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় মুক্তবুদ্ধির লেখকদের রক্ষায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলনে’র প্রতি সংহতি জানাতে এসে তিনি পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন।
নারী ও শিশুর প্রতি ‘লাগামহীন সহিংসতা’র পরিপ্রেক্ষিতে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’ নামের একটি নাগরিক মঞ্চ আত্মপ্রকাশ করে গতকাল। মঞ্চটি সংবাদ সম্মেলন করে পয়লা বৈশাখে নারীর নিরাপত্তায় নাগরিক নজরদারি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। এর আহ্বায়ক শারমিন মুরশিদ।
নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বলেন, ‘আইজি সাহেব বলেছেন, লেখালেখির জন্য যাঁদের টার্গেট করা হয়েছে, তাঁদের রক্ষা করা সম্ভব না। যাঁদের টার্গেট করা হয়েছে সে সংখ্যাটা কত? মৌলবাদী গোষ্ঠীগুলো ১৮০০ জনের একটা তালিকার কথা বলেছে। সে তালিকা পুলিশের কাছেও আছে। সংখ্যাটা ১৮ হাজারও না। ১৮০০ জনের মধ্যে আবার প্রথম ১০/২০ জন বেশি ঝুঁকিতে আছে। তাদের একটু খোঁজখবর রাখা, প্রয়োজনে নিরাপত্তা দেওয়া, এটুকুই। পুলিশ ১৮০০ মানুষের নিরাপত্তা দিতে পারে না?’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনের পর যেন আর কেউ খুন না হন, সে ব্যাপারে উদ্যোগী হতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধি ম. হামিদ যৌন সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। এ দুই গোষ্ঠীই পয়লা বৈশাখের অনুষ্ঠানকে কলুষিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
নারীর নিরাপত্তায় কাজ করবে ২২টি দল: সংবাদ সম্মেলনে নবগঠিত মঞ্চের আহ্বায়ক শারমিন মুরশিদ জানান, পয়লা বৈশাখে নারীকে নিরাপত্তা দিতে নাগরিক দল ২২টি জায়গায় থাকবে। দুই পালায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎসব এলাকার ওপর নজরদারি রাখা হবে। একটি নিয়ন্ত্রণকেন্দ্রের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল এবং পুলিশের সঙ্গে নাগরিক দল যোগাযোগ রাখবে। এই দলের স্বেচ্ছাসেবকদের পরনে নীল জ্যাকেট এবং মাথায় থাকবে ব্যান্ডানা। সহজেই যেন তাঁদের দেখা যায়, সে জন্য হাতে থাকবে ঝান্ডা।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবউদ্দীন আহমেদ বলেন, দেশে আট কোটি মানুষের হাতে মুঠোফোন আছে। এর পাঁচ কোটিতেই ছবি তোলা ও ভিডিও ধারণ করা যায়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহ করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।