পুলিশি অভিযানের মধ্যেও সক্রিয় অজ্ঞান পার্টি
পুলিশি অভিযানের মধ্যেই গতকাল মঙ্গলবার আবারও দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এই নিয়ে চলতি মাসে মোট ১৮ জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ অবশ্য দাবি করেছে, অন্যান্য বছরের তুলনায় এবার এ ধরনের উৎপাত অনেক কম। গতকাল ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য এবং ঈদের সময় রাজধানীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরের মার্কেট, লঞ্চ ও বাস টার্মিনাল এবং রেলস্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি চক্রের দুই শর বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাই অন্যবারের ঈদ-পূজার চেয়ে এবারের ঈদ অনেক বেশি উৎসবমুখর হবে।
ডিএমপির কমিশনার যখন রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন, তার কয়েক ঘণ্টা পর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফার্মগেটের আল রাজি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীরা তাঁকে বলেন, গাবতলী থেকে গুলিস্তানগামী একটি বাস থেকে ওই ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়। বিকেলের দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান খান আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে যাঁরা পড়েন, তাঁদের বেশি মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অচেতন থাকেন। রোগী যদি আগে থেকেই মস্তিষ্ক, হৃদ্রোগ, কিডনি ও লিভারের রোগে ভুগে থাকেন, তাহলে তাঁর মৃত্যুও হতে পারে।’
বাস ও লঞ্চঘাট এবং রেলস্টেশনে পুলিশের বিশেষ নজর থাকার পরও অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যরা সক্রিয় কেন—জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, তাঁরা তৎপর আছেন বলেই আগের চেয়ে অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য কম। তাঁরা বলছেন, এই দলের সদস্য সংখ্যা দুই শর বেশি নয়। একেকটি দলে পাঁচ থেকে ছয়জন করে আছে। শুধু রোজার মাসেই শ দেড়েক লোককে ধরা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে বিত্তবান কাউকে অনুসরণ করতে শুরু করে। ওই ব্যক্তি টিকিট কাটার পর অজ্ঞান পার্টির লোকজনও আশপাশে টিকিট কাটে। তারপর ভাব জমিয়ে কিছু খাইয়ে অজ্ঞান করা হয়। এর বাইরে ফার্মগেট, গুলিস্তান, শাহবাগের মতো জায়গায় অজ্ঞান পার্টির লোকজন চা, ডাব বা শরবত বিক্রেতা সাজে, তাদের ঘিরে যেসব ক্রেতা থাকে, তারাও মূলত ওই চক্রেরই সদস্য।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, তাঁরা অপরাধীদের গ্রেপ্তার করলেও পরে এরা জামিনে বেরিয়ে আসছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোজার মাসে বেশ কিছু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘গত বছরের ২৯ জুন যমুনা ফিউচার পার্কের সামনে মনির নামের এক লোককে মোবাইল চুরির সময় আমি নিজে ধরে ফেলি। তারপর খিলগাঁও থানায় সোপর্দ করি। সেই মনিরকেই আবার এ বছর রোজায় ধরেছি। সে অজ্ঞান পার্টির সদস্য।’