পুলিশে প্রথমবারের মতো শিশু দিবাযত্ন কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের নারী পুলিশ ব্যারাকে ৩৬ শিশুকে রাখার জন্য দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) চালু হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর উদ্বোধন করেন।বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো শিশু দিবাযত্ন কেন্দ্রটি চালু হয়েছে। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এটি পরিচালনা করবে। বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পুলিশ সংস্কার কর্মসূচি থেকে এর সার্বিক তত্ত্বাবধান করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র চালু হওয়ায় নারী সদস্যরা মানুষকে পুলিশি সেবা দেওয়ার পাশাপাশি সন্তানদেরও দেখাশোনা করতে পারবেন।দিবাযত্ন কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছয় মাস থেকে ছয় বছরের শিশুদের তত্ত্বাবধান করা যাবে। কেন্দ্রে শিশুদের চিকিৎসা ও খেলাধুলার ব্যবস্থা রয়েছে। রাজারবাগ শিশু দিবাযত্ন কেন্দ্রে ৫০ শিশুর ধারণক্ষমতার ব্যবস্থা রাখা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রসচিব তারিক উল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।