পুলিশের উদাসীনতায় বিদেশে পালালেন সন্দেহভাজন খুনি
মিরপুরের মধ্য পীরেরবাগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে স্ত্রী-সন্তানের সামনে কাজী জিয়া হায়দারকে খুন করে। এরপর দুই মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু খুনিদের কেউ ধরা পড়েনি। বরং পুলিশের উদাসীনতায় এই খুনের প্রধান সন্দেহভাজন স্থানীয় সন্ত্রাসী মো. নয়ন বিদেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।নয়নের বাসা মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ইস্ট ওয়েস্ট গলিতে। এলাকায় তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বাসায় গেলে নয়নের মা হাবিবা খাতুন প্রথম আলোকে বলেন, নয়ন গত ২৬ জানুয়ারি কুয়েতে গেছেন। তাঁর দাবি, নয়ন এই হত্যায় জড়িত নন।মামলার বাদী নিহত ব্যক্তির স্ত্রী সেলিনা আজমী অভিযোগ করেন, ঘটনার এক দিন পর তিনি নয়নের বিদেশে যাওয়ার প্রস্তুতি সম্পর্কে থানার পুলিশকে বলেছিলেন। নয়নসহ চিহ্নিত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য কান্নাকাটি করে পুলিশকে অনুরোধ করেছিলেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, ‘থানার পুলিশ আমার স্বামীর নয়, আমার পোস্টমর্টেম করেছে। তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে।’অবশ্য মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (এসআই) ইয়াছিন গাজী দাবি করেন, নয়নকে গ্রেপ্তার করতে তিনি চেষ্টা করেছিলেন। নয়ন দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। এদিকে মিরপুর থানার পুলিশের তদন্তে কোনো অগ্রগতি না থাকায় গত মাসে মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তরিত হয়। তদন্ত কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মিশুক চাকমা। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, শুরুতে তৎপরতা না থাকায় জিয়া হায়দারের খুনি হিসেবে সন্দেহভাজন নয়নসহ অন্যরা পালিয়ে গেছেন।অবশ্য ডিবি নয়নের ভাই মনিরকে গ্রেপ্তার করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে ডিবি সূত্র দাবি করে। অবশ্য মনির সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। গত ২১ জানুয়ারি বেলা তিনটায় মধ্য পীরেরবাগে নিজ বাড়িতে কাজী জিয়া হায়দারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর বাড়ির নিচতলার ভাড়াটে আবদুল মজিদ, তাঁর স্ত্রী রুপা আক্তার ও কামাল হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, ভাড়াটে মজিদ স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তাঁর বাসায় জুয়ার আসর বসান। আর তাতে জিয়া বাধা দেন। এরই জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে শুরুতে সন্দেহ করা হয়েছিল। তাঁদের মধ্যে কামাল জামিনে মুক্তি পেয়েছেন।ডিবি ও এলাকার কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, জুয়া খেলায় বাধা দেওয়ার প্রতিশোধ নিতে মধ্য পীরেরবাগের নজরুল, শাহীন, ডিশ জুয়েল শেওড়াপাড়ার নয়ন ও জিতুর সহায়তা চান। নয়ন ও জিতুর নেতৃত্বে তাঁরা এ ঘটনা ঘটান। মিশুক চাকমা বলেন, ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার পুলিশের বিরুদ্ধে পরিবার ও এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মিশুক চাকমা বলেন, ‘এ ব্যাপারে না-ই বললাম।’