পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার নেই
গত দেড় মাসে পুলিশের ওপর তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশের একজন সদস্য নিহত ও ছয়জন আহত হন। সন্ত্রাসীরা পুলিশের একটি পিস্তলও ছিনিয়ে নেয়। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িত আসামিদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খোয়া যাওয়া অস্ত্রও আজ পর্যন্ত উদ্ধার হয়নি।১৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে সন্ত্রাসীরা চ্যান্সেরি পুলিশের কনস্টেবল আসাদুজ্জামানকে গুলি করে। পেটে গুলিবিদ্ধ আসাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তারে জোর দেওয়ার কথা বলেন। কিন্তু হামলাকারীদের একজনও গ্রেপ্তার হয়নি। গুলশান থানার উপপরিদর্শক মাসুদ করিম প্রথম আলোকে জানান, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ সতর্ক রয়েছে।এর আগে গত ১৯ আগস্ট রাতে রাজধানীর মতিঝিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কনস্টেবল মঞ্জুরুল ইসলাম। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরেক কনস্টেবল হাবিবুল্লাহ। এ ঘটনায় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় এক হামলাকারী। নিহত হামলাকারীসহ দুজনের বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে। মতিঝিলের ঘটনার দুই দিন আগেই ১৭ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন খিলক্ষেত থানার চার পুলিশ। তাঁরা হলেন চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম, উপপরিদর্শক হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন ও কনস্টেবল (চালক) এমদাদ। উপপরিদর্শক হাবিবুরের সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।