পুলিশের খোয়া যাওয়া শটগানটি উদ্ধার
রাজধানীর রাজার-বাগ এলাকা থেকে টহল পুলিশের ছিনতাই হওয়া শটগানটি গতকাল বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় যাত্রাবাড়ীর ধোলাইরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ধোলাইরপাড় কবরস্থানের পাশে শটগানটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ইটের স্তূপের পাশ থেকে এটি উদ্ধার করে।পল্টন থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ লাইন মিলনায়তনের সামনে টহল দায়িত্বে ছিলেন পল্টন থানার একজন সহকারী উপপরিদর্শক, দুজন কনস্টেবল ও একজন আনসার সদস্য। এ সময় পাশের সড়ক থেকে এক রিকশা আরোহীর ব্যাগ ছিনিয়ে নিয়ে সিএনজি অটোরিকশায় পালাতে থাকে দুর্বৃত্তরা। রিকশা আরোহীর চিৎকার শুনে টহল পুলিশের সদস্যরা গিয়ে অটোরিকশাটি থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে কনস্টেবল কাশেম তাঁর শটগানটি দিয়ে অটোরিকশার সামনের কাচে আঘাত করেন। এতে কাচ ভেঙে শটগানটি ভেতরে ঢুকে যায়। সেই অবস্থাতেই গাড়িটি পালিয়ে যায়।