পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদে গতকাল বুধবার ভোরে পুলিশের গুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন এক ছিনতাইকারী। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি করতে বাধ্য হয়।গুলিবিদ্ধ মোহাম্মদ আলী (৪০) পুলিশ পাহারায় জাতীয় অর্থোপেডিক পুনর্বাসনকেন্দ্র (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, গতকাল ভোরে সায়েদাবাদ ব্রিজের ঢালে মাহাবুবুর রহমান নামে এক ব্যক্তি ছিনতাইকারীদের কবলে পড়েন। একটি মোটরসাইকেলে এসে তিন ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই লোকের টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পুলিশের একটি টহল দল তৎক্ষণাৎ ওই ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে দুই দফা ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। পুলিশও পালটা গুলি চালালে মোহাম্মদ আলী ডান পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। তাঁকে ফেলে পালিয়ে যায় অপর দুজন।গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তাঁর বাবার নাম সিরাজ মিয়া।