পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত গাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই করে গাড়ি নিয়ে পালাতে গিয়ে ইমরান নামের এক যুবক পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ আহত ইমরানকে গ্রেপ্তার ও তার ব্যবহূত গাড়িটি আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোরে পুরান ঢাকার মাজেদ সরদার লেনে এ ঘটনা ঘটে। আহত ছিনতাইকারীকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশাল থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেন প্রথম আলোকে জানান, ভোরে মোহাম্মদপুর থানা এলাকায় প্রাইভেট কারে থাকা একদল ছিনতাইকারী এক ব্যক্তির টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল। পুলিশ ওয়াকিটকির মাধ্যমে এ খবর রাজধানীর সর্বত্র ছড়িয়ে দেয়। এরপর পুলিশ নগরের বিভিন্ন স্থানে গাড়ি তল্লাশি শুরু করে। সকাল ছয়টায় বংশাল থানার পুলিশ নাজিরাবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। একসময় ওই গাড়িটি চেকপোস্টের কাছে এসে থেমে যায় এবং পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা ইমরান হোসেন গুলিবিদ্ধ হয়। গাড়ি থেকে আরেক ছিনতাইকারী এ সময় পালিয়ে যায়। ইমরানের কাছ থেকে পুলিশ প্রায় ২০ হাজার টাকা উদ্ধার করে।