পুলিশের গুলিতে দুই যুবক আহত
রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে গতকাল বুধবার ভোররাতে পুলিশের গুলিতে এ এস এম সাদনান (২১) ও আজিজুল হক (৩০) নামের দুই যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাদনান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্র বলে পুলিশকে জানিয়েছেন। তবে পুলিশ জানায়, আহত ব্যক্তিরা ছিনতাইকারী দলের সদস্য। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে উদ্যত হলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তারা আহত হয়। কাফরুল থানার পুলিশ জানায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে আগারগাঁও ক্রসিংয়ে প্রাইভেটকারে আসা তিন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কাফরুল থানার পুলিশের একটি দল এ সময় গাড়িটির গতি রোধ করে। এরপর ছিনতাইকারীরা পুলিশকে গুলি করতে উদ্যোত হলে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সাদনান ও আজিজুল হক গুলিবিদ্ধ হন। সাদনান ও আজিজুলকে আহতাবস্থায় গ্রেপ্তার করে চিকিৎসার জন্য জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠায় পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে জানান, আহত ছিনতাইকারীদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহূত প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়। ওসি জানান, ছিনতাই প্রতিরোধে থানার পুলিশের গঠিত বিশেষ দলের মুখে পড়ে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।