পুলিশের গুলিতে নিহত যুবক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত ‘গুলি বিনিময়ে’ গত সোমবার রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিহত যুবক এরিস্টটল আমিন ওরফে জিকো মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে পুলিশ। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রয়াত ব্যবসায়ী আমিন লস্করের একমাত্র ছেলে ছিলেন এরিস্টটল। তাঁর মা মেহের নিগার খান আমিন সংগীত ব্যক্তিত্ব ওস্তাদ মোমতাজ আলী খানের বড় মেয়ে।খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন গত বুধবার বলেন, পরিবারের সদস্যরা তাঁদের জানিয়েছেন, এরিস্টটল মাদকাসক্ত ছিলেন। তাঁকে দুবার মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, নিকুঞ্জ-২ এলাকায় দায়িত্বরত পুলিশের একটি দল সন্দেহজনক একটি গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়িটি পুলিশের এক কর্মকর্তাকে ধাক্কা দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পুলিশও পাল্টা গুলি করে। পরে বিমানবন্দর গোলচত্বরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া যায়। গাড়ির ভেতরে এরিস্টটলের লাশ পড়ে ছিল। গাড়িতে একটি রিভলবার ও কিছু মাদকদ্রব্য পাওয়া যায়।এ প্রতিবেদক নিকুঞ্জ এলাকায় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেন, পুলিশের দুই কর্মকর্তা ওই গাড়ির আরোহীদের নেমে আসতে বলেন। তখন চালক হঠাৎ করেই পাশ কেটে সামনে ছুটতে শুরু করেন। পুলিশের এক কর্মকর্তাকে জোরে ধাক্কা দেয় গাড়িটি। তিনি তখন গাড়ির বনেটের ওপর উঠে পড়েন। তবে গাড়িটি একটি জোরালো বাঁক নিলে পুলিশের ওই কর্মকর্তা ছিটকে পড়েন। এরপর গাড়িটি ছুটে চলে যায়। তখন কয়েকটি গুলির শব্দ শোনা যায়।খিলক্ষেত থানার সামনে পড়ে থাকা গাড়িটির সামনের কাচ ফাটা ও সামনে-পেছনে কয়েক জায়গায় ধাক্কা লাগার চিহ্ন ছিল।পারিবারিক সূত্রগুলো জানিয়েছে, গত ১০ জানুয়ারি এরিস্টটলের মা মেহের নিগার খান মারা যান। এর পর থেকে ডিওএইচএসের ভাড়া বাসায় তিনি একাই থাকতেন। বুধবার দোহারের জয়পাড়ার লস্করকান্দা গ্রামের পারিবারিক গোরস্থানে এরিস্টটলের লাশ দাফন করা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, নিহত এরিস্টটলের বাবা আমিন লস্কর বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি ছিলেন। তাঁর বাবার প্রচুর সম্পদ রয়েছে। তাঁর সন্ত্রাসী হওয়ার কোনো কারণ নেই।