পুলিশের তথ্যদাতাকে জবাই করে হত্যা
রাজধানীতে মো. আলমগীর ওরফে টুণ্ডা আলমগীর (৩৫) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পুলিশের তথ্যদাতা ছিলেন। গতকাল রোববার সকালে নয়াপল্টন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ডিআইটি এক্সটেনশন রোডসংলগ্ন নয়াপল্টনে কয়েকটি টিনশেডের দোকান ও মেসের মাঝ বরাবর স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি জবাই করা ও বাঁ হাতের কবজির রগ কাটা ছিল।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আলমগীর পুলিশের তথ্যদাতা ছিলেন। তিনি পল্টন থানার পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও তথ্য দিতেন। কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।নিহত আলমগীরের বোন মাহবুবা বেগম জানান, আলমগীর গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পল্টনের পিডব্লিউডি কোয়ার্টারের বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে তাঁর দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করে সেগুলো বন্ধ পাওয়া যায়। ওই দুটি মুঠোফোন ও মানিব্যাগ পাওয়া যায়নি।সরেজমিনে দেখা গেছে, যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেখানে তিনটি সারিতে কয়েকটি দোকান, মেস এবং গুদাম রয়েছে। গুদামগুলো প্রায় সময় তালাবদ্ধ থাকায় জায়গাটি দিনেও বেশ নির্জন থাকে বলে স্থানীয় লোকজন জানান।পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আলমগীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তাঁর বাবার নাম নূর ইসলাম।