পুলিশের দাবি স্কুলে যাওয়ার পরই নিখোঁজ হয় মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পর সূত্রাপুরের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিলন হোসেন হারিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, ওই দিন মিলন স্কুলে আসেনি। এদিকে, পাঁচ দিন হয়ে গেলেও গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিলনের কোনো হদিস মেলেনি।মিলনের পরিবারের সদস্যদের ভাষ্য, গত বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় মিলন। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। ওই দিনই তার বাবা ফজলু মোল্লা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডির পরও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় মিলনের পরিবার গত সোমবার প্রথম আলো কার্যালয়ে এসে প্রতিবেদন তৈরির অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ মিলনের বাসা ও স্কুলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে গতকালই।গতকাল জিডির তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জের উপপরিদর্শক (এসআই) আফজাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, গত বৃহস্পতিবার মিলন স্কুলে গিয়েছিল। কিন্তু স্কুল থেকে এক শিক্ষক তাকে কয়েকজন ছাত্রের সহযোগিতায় বের করে দিয়েছিলেন। হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখানো হয়।’ মিলনকে স্কুল থেকে বের করে দেওয়ার কারণ জানতে চাইলে এসআই বলেন, ‘সে নাকি স্কুলে অনিয়মিত ছিল।’জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমান বলেন, ‘ওই দিন মিলন স্কুলে আসেনি। তবে গত শনিবার দক্ষিণ কেরানীগঞ্জে একটি দোকানে মিলনকে ভিডিও গেমস খেলতে দেখেছে তার কয়েকজন বন্ধু। আমি বিষয়টি তার বাবাকেও বলেছি।’ শফিকুর বলেন, ‘মনে হয়, সে কোথাও লুকিয়ে আছে।’ তবে লুকিয়ে থাকার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।যোগাযোগ করা হলে মিলনের বাবা ফজলু মোল্লা বলেন, ‘শনিবার মিলনকে তার বন্ধুরা ভিডিও গেমসের দোকানে দেখেছে, তা আমি আপনার কাছ থেইকাই শুনলাম।’