পুলিশের প্রশিক্ষণের অভাবে দুর্ঘটনার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না
শহরের রাস্তায় কিংবা মহাসড়কে, যেখানেই দুর্ঘটনা ঘটুক সবার আগে ঘটনাস্থলে যেতে হয় স্থানীয় পুলিশকে। কবে, কখন, কোথায় ও কীভাবে দুর্ঘটনা ঘটল, তা সঠিকভাবে নথিবদ্ধ করতে হয়। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে পুলিশ কাজটি যথাযথভাবে করতে পারছে না। ফলে হতাহতের সংখ্যাসহ অন্যান্য তথ্যে থাকছে নানান অসঙ্গতি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটে পুলিশদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ অভিমত দেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, দুর্ঘটনা ঘটার আগে রোধের ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনা এড়াতে শহরের ভেতর পথচারীদের উড়ালসেতু ও পাতালপথ ব্যবহারে উদ্বুদ্ধ করা দরকার। মহাসড়কে দায়ী গাড়িচালক থেকে শুরু করে যাঁরা দুর্নীতি করে ত্রুটিপূর্ণ রাস্তাঘাট বানাচ্ছেন, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন। গতকাল দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, পুলিশের অসতর্কতার কারণে সরকারি নথিতেই দুর্ঘটনা ও নিহতের ব্যাপারে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। অসঙ্গতিপূর্ণ তথ্যের কারণে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। ২০০৭ সালের এক হিসাবে দুর্ঘটনার সংখ্যা তিন হাজার ৯১০টি, অন্য হিসাবে তা বেড়ে হয়েছে চার হাজার ৮৬৯টি। আবার এজাহারের সে বছর দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ৭৮৯ থাকলেও নথিতে সে সংখ্যা তিন হাজার ৯২০। কোথাও বাস দুর্ঘটনা ঘটলেও উল্লেখ করা হয়েছে ট্রাক দুর্ঘটনার কথা। কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, এসব অসঙ্গতি দূর করতেই পুলিশ সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজন। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত বিদেশিদের অর্থায়নে সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এরপর আর এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মো. সামছুল হক জানান, প্রতিটি দুর্ঘটনার পর পুলিশকে নিয়ম অনুযায়ী একটি ফরম পূরণ করতে হয়। চালকের বেপরোয়া গাড়ি চালানো, ভুল সংকেত, চালকের ক্লান্তি, ভুল ওভারটেকিং, পথচারী, খারাপ রাস্তাসহ ১৮টি কারণে দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু পুলিশ প্রায় সবসময় বেপরোয়া গাড়ি চালানোকে দুর্ঘটনার জন্য দায়ী করে। আন্তরিকভাবে ফরমটি পূরণ করে না। যদিও প্রতিবছর দুর্ঘটনার কারণে সাড়ে সাত হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।কিন্তু প্রশিক্ষণ নিতে আসা পুলিশ সদস্যরা জানান, একসঙ্গে তাঁদের অনেক ধরনের কাজ করতে হচ্ছে। তাঁদের লোকবলের চরম সংকট। ফলে তাঁরা সব কাজ ঠিকভাবে করে উঠতে পারছেন না। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ তাঁর বক্তব্যেও এই সমস্যার উল্লেখ করেছেন। গতকাল দুর্ঘটনা এড়াতে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা হয়। শহরের ভেতর বিভিন্ন মোড়ে যানবাহন ও পথচারীরা যেন একই সঙ্গে চলাচল না করে এবং মহাসড়কে চলাচলকারী গাড়িগুলো যেন নিয়ন্ত্রিতভাবে যানবাহন চালায়, সেটি নিশ্চিত করার আহ্বান জানানো হয় পুলিশকে।কর্মশালায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃৎ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বুয়েটের উপাচার্য এ এম এম শফিউল্লাহ, সহ-উপাচার্য এম হাবিবুর রহমান বক্তব্য দেন।