পুলিশের বিরুদ্ধে কমিশনারের কাছে পরিবারের অভিযোগ
বাড্ডা থানার পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে দুর্বৃত্তের হাতে খুন হওয়া শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক নজরুল হকের পরিবার। ওই আবেদনে ‘দায়ী’ পুলিশের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।পারিবারিক সূত্র জানায়, ৯ মে নজরুল হকের মেয়ে ফারহানা হক এই আবেদন করেন। ডিএমপি কমিশনার আবেদন গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার জন্য গুলশান অঞ্চলের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবিরের কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। আবেদনে মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া, পক্ষপাতিত্ব, উদাসীনতাসহ নানা অভিযোগ আনা হয়েছে। গত ২৯ এপ্রিল মধ্যরাতে উত্তর বাড্ডার বাসায় নজরুল হককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট কামাল হোসেন সরকার ও তাঁর লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মামলার পর পুলিশ কামালসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।পরিবারের আবেদনে বলা হয়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কামাল নজরুলকে বিভিন্ন সময় মারধর করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। নজরুল হক বারবার থানায় মামলা করতে গেলেও পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। এ কারণে তিনি আদালতে দুটি মামলা করেন।আবেদনের ব্যাপারে জানতে চাইলে ফারহানা হক বলেন, ‘কামালের সঙ্গে সখ্য থাকায় পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পুলিশ আগে থেকে ব্যবস্থা নিলে আমার বাবা খুন হতেন না।’এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গুলশান অঞ্চলের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, অভিযোগের তদন্ত চলছে।কামালের স্ত্রী ফাতেমা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী জায়গার জন্য খুন করতে পারেন না। তা ছাড়া বিষয়টি আগেই মিটমাট হয়ে গেছে।’ফাতেমা কামালের মন্তব্য বিষয়ে জানতে চাইলে ফারহানা হক বলেন, ‘জমি নিয়ে মিটমাট হয়নি। এ ছাড়া বাবা পরিবেশের জন্য ক্ষতিকর কামালের মালিকানাধীন এমন কিছু কারখানা বন্ধের ব্যাপারে সোচ্চার ছিলেন। সীমানা নিয়ে বিরোধ এবং জীবনের নিরাপত্তা চেয়ে বাবার করা মামলায় আগামী ২৬ জুন তাঁর আদালতে হাজির হয়ে মুচলেকা দেওয়ার কথা ছিল। সবকিছুই প্রমাণ করে, কে আমার বাবাকে হত্যা করেছে।’চারজন রিমান্ডে: নজরুল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে গত মঙ্গলবার এক দিনের রিমান্ডে নিয়েছিল বাড্ডা থানার পুলিশ। মামলার নতুন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার অপারেশনস অফিসার আনিসুল ইসলাম বলেন, ‘তাঁদের কেউ খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে এজাহার অনুযায়ী আমরা এগোচ্ছি। বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছাড়াও হত্যার অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’