পুলিশের বিরুদ্ধে করা মামলার বাদীর খোঁজ মিলেছে
টানা ৪০ দিন পর খোঁজ মিলল রাজধানীর মিরপুরে পুলিশি হেফাজতে নিহত ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমানের স্ত্রী মমতাজ সুলতানার। মাহবুবুর নিহত হওয়ার পর তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল রোববার দুপুরে মমতাজ স্বামী হত্যা মামলার শুনানিতে সাক্ষ্য দিতে ঢাকার মুখ্য মহানগর দায়রা জজ আদালতে আসেন। এ সময় মমতাজের সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি শাহিদা বেগম, মেয়ে লামিয়া ও দেবর জহিরুল ইসলাম।
২০১৪ সালের ১৩ জুলাই মিরপুর থানা হেফাজতে মারা যান মাহবুবুর রহমান। এ ঘটনায় মিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান, উপপরিদর্শক (এসআই) জাহিদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মমতাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন নিবারণ আইনে এটাই ছিল প্রথম মামলা। মামলার বাদীকে আইনি সহায়তা দিচ্ছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এসআই জাহিদসহ পাঁচজনকে বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত করা হয়।
কিন্তু গত ৬ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আদালতে যাওয়ার পথে মমতাজ নিখোঁজ হন বলে তাঁর পরিবার অভিযোগ করেছিল।
মমতাজের নিখোঁজ হওয়ার ঘটনায় ২৮ জানুয়ারি শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর দেবর জহিরুল। মমতাজের ফিরে আসার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, গতকাল হঠাৎ করেই আদালতে তাঁর ভাবি হাজির হন। কিন্তু এত দিন কোথায় ছিলেন, সে ব্যাপারে জানার সুযোগ তাঁর হয়নি।
জিডির তদন্তকারী কর্মকর্তা শাহ আলী থানার এসআই সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মমতাজ ফিরে আসার বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা পুলিশকে কিছু জানায়নি। তবে মমতাজ ৬ জানুয়ারি মিরপুর এলাকায় ছিলেন না। তাঁর মুঠোফোনের কললিস্ট অনুযায়ী ৩ জানুয়ারি তিনি নবাবপুর এলাকায় ছিলেন। পরে ৬ জানুয়ারি সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে রওনা হন মমতাজ। ওই দিন দুপুর পৌনে ১২টার দিকে তিনি পুরান ঢাকার জজকোর্ট এলাকায় ছিলেন। এরপর থেকে মমতাজের মুঠোফোন বন্ধ ছিল।
তবে আদালতে শুনানি শেষে মমতাজ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাকে কেউ হুমকি কিংবা অপহরণ করেনি।’ তবে এত দিন কোথায় ছিলেন, সে ব্যাপারে ব্যাখ্যা দেননি তিনি। এ সময় মমতাজের শাশুড়ি শাহিদা বেগম বলেন, এসআই জাহিদের মা বেশ কয়েকবার তাঁদের বাসায় এসে আপস করতে চেয়েছিলেন। এ জন্য কয়েক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
২৫ ফেব্রুয়ারি মাহবুবুর হত্যার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।