পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রী পার্টির নেতা নূরুল ইসলামের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ যথেষ্ট আন্তরিক নয়। ক্ষমতাসীন সরকার নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে ঘোষণা দিলেও মামলার কোনো অগ্রগতি নেই। গতকাল শনিবার নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক কমিটি আয়োজিত স্মরণসভায় আলোচকেরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শহীদ মিনারে আয়োজিত ওই স্মরণসভায় ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন বলেন, গণতন্ত্রী পার্টির নেতা নূরুল ইসলাম অগ্নিদগ্ধ হওয়ার পর নিজেই ষড়যন্ত্রের কথা বলে গেছেন। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির মিথ্যা অভিযোগ তুলে যেদিন মনোনয়ন অবৈধ হতে পারে বলে প্রচার চালানো হয়, সে রাতেই তিনি নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হন। ছেলে ইসলাম তমোহর সঙ্গে সঙ্গেই মারা যান। বর্তমান সরকার তাঁর মৃত্যুকে চাঞ্চল্যকর মামলা বলে অভিহিত করছে, আইনমন্ত্রী স্বয়ং সংসদে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আগের ধারা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেরিয়ে আসতে পারছে না। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তদন্তকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তবে তাঁর স্বজন ও রাজনৈতিক অনুসারীদের উচিত হবে, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণসহ তদন্ত কর্মকর্তার কাছে উপস্থিত হওয়া। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নূরুল ইসলামকে যে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। এখন সরকারের উচিত হবে, খুব দ্রুত তাঁর হত্যারহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পুলিশও জানে এটি হত্যাকাণ্ড। আমরা যে পরিমাণ তথ্য-প্রমাণ দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করেছি, সে পরিমাণ ফলাফল পাইনি। তদন্তের আলামত এখনো আছে। পুলিশ চাইলেই এ হত্যারহস্য উদ্ঘাটন করতে পারে।’ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘পুলিশ কেবল বলে ক্লু পাওয়া যাচ্ছে না। ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের সময়ও পুলিশ ক্লু পায়নি। জজ মিয়া নাটকও পুলিশ সাজিয়েছে। এখন দেখা যাচ্ছে, পুলিশ চাইলে ক্লু পায়, না চাইলে পায় না।’ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম বলেন, নূরুল ইসলাম ও ইসলাম তমোহরকে যখন অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তখন তাঁদের পরনের কাপড় প্রায় অক্ষত ছিল, তাদের মাথার চুল পর্যন্ত পুড়েনি। শুধু কণ্ঠনালী পুড়ে গিয়েছিল। সারা ঘরে এত দাহ্য পদার্থ থাকতেও কেন অন্য কিছু না পুড়ে শুধু দুজন মানুষের কণ্ঠনালি মারাত্মকভাবে পুড়ে গেল, সে বিষয়গুলো খতিয়ে দেখতেই হবে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে, অন্য রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার হবে না। হত্যাকারীরা প্রশ্রয় পাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি শিকদার বুলু মিঞা, ইসলাম তমোহরের বন্ধু আসিফ সালেহ ও মাসুদ আলী ইমন, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বজলুর রহমান প্রমুখ।