পুলিশের মিথ্যা মামলা ও একটি পরিবারের বিপর্যয়
পুলিশের দায়ের করা ভিত্তিহীন ধর্ষণের মামলা ও মিথ্যা তদন্ত প্রতিবেদনের জেরে একটি পরিবার ধ্বংসের মুখে পড়েছে। মিথ্যা মামলার কারণে আসামি সৌমেন্দ্র দেবের বয়োবৃদ্ধা মা শোভা দেব ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভিমানে ২১ দিন কিছু না খেয়ে মারা যান। পরিবারের অভিযোগ, সৌমেন্দ্র দে ও তাঁর বাবা মণীন্দ্র চন্দ্র দে পুলিশ রিমান্ডে নির্যাতনের কারণে মানসিক ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেছেন।রাষ্ট্রপক্ষ বাবা-ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন। মামলার সাত বছর পর চলতি বছরের ৯ মে আদালত এ রায় ঘোষণা করেন। আদালতে ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু মিথ্যা মামলা করার বিষয়ে এবং সাক্ষ্য দেওয়ার দায় প্রসঙ্গে কোনো নির্দেশনা দেননি আদালত। আইনজীবীরা জানিয়েছেন, খালাস পাওয়া আসামির আবেদনক্রমে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। পরিবারের একমাত্র মেয়ে সুনীপা দেবের ওপর নিজের এবং অসুস্থ বাবা ও ভাইয়ের খরচ চালানোর দায়িত্ব পড়েছে। জাপান সরকারের বৃত্তি নিয়ে পিএইচডি করার পর চাকরি খুঁজছেন। বাবা এখন গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে আছেন। ভাইটি কিশোরগঞ্জে ভবঘুরে জীবন কাটাচ্ছেন। খিলগাঁও থানার তখনকার উপপরিদর্শক (এসআই) মো. আ. মান্নান সরকার ২০০৩ সালের ১২ জানুয়ারি এ মিথ্যা মামলা দায়ের করেন। গত মে মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক (জেলা জজ) এ কে এম শামসুল ইসলাম রায়ে মামলার আসামিদের নির্দোষ ঘোষণা করেন। রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় গৃহকর্মী মিতা কর্মকারকে ধর্ষণ এবং এর ফলে গর্ভজাত নবজাতককে চারতলা থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে পরিবারটির তিন সদস্যকে আসামি করে মামলা হয়েছিল। অভিযোগ করা হয়, সৌমেন্দ্র দেব গৃহকর্মী মিতাকে ধর্ষণ করেন। তবে ডিএনএ পরীক্ষায় তাঁর পিতৃত্বের সত্যতা পাওয়া যায়নি। এসআই মান্নান সরকার তাঁর সাক্ষ্যে বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি জিজ্ঞাসাবাদে জানতে পারেন নবজাতক শিশুটিকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তবে রায়ে বলা হয়, চারতলার গ্রিলের ফাঁক দিয়ে নবজাতককে নিচে ফেলা এবং এর পরও তার অক্ষত থাকার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। রায়ে তদন্ত কর্মকর্তা ও বাদী এসআই মান্নান সরকারকে মিথ্যা মামলার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই রায়ে আদালত মিথ্যা মামলার আসামি হিসেবে কারাগারে প্রবীণ শোভা দেবের মৃত্যু, অন্য ব্যক্তিদের জেলখাটা এবং পরিবারটির বিপন্ন হওয়ার বিষয়টি ‘দুঃখজনক’ বলে আখ্যা দেন। অভিযুক্ত সৌমেন্দ্রর বাবা মণীন্দ্র চন্দ্র দে নারায়ণগঞ্জের তোলারাম কলেজের সাবেক শিক্ষক। মা শোভা দেব ঢাকার ইসলামিয়া গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সাবেক শিক্ষিকা। শোভা ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি কারাগারে মারা যান। সুনীপা জানান, ‘রিমান্ডে নিয়ে সৌমেন্দ্রকে অমানবিক নির্যাতন করা হয়। এখন তাঁর মানসিক স্থৈর্য ও বোধবুদ্ধি লোপ পেয়েছে।’ আসামিপক্ষের আইনজীবী সোমেশ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটি পরিবার ধ্বংস হয়ে গেছে।’ মিথ্যা মামলা দায়েরকারী পুলিশ কর্মকর্তা আ. মান্নান সরকার চাকরি থেকে অবসর নিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফোরকান মিঞা (বিশেষ পিপি) প্রথম আলোকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে। ক্ষতিগ্রস্ত পরিবার মামলা দায়েরকারীর বিরুদ্ধে মামলা করতে পারেন।সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা দায়ের করার বিষয় প্রমাণিত হলে এজাহারকারীর অনধিক সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।