পুলিশের লাঠিপেটা গণমিছিল পণ্ড
পুলিশের বাধায় রাজধানীতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির গণমিছিল হতে পারেনি। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ১৫ জন আহত হন।সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে এই গণমিছিলের আয়োজন করা হয়। জোহরের নামাজের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় ও লাঠিপেটা করে।সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেল প্রথম আলোকে বলেন, ‘এটি ছিল আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করে। ছয়জনকে আটক করে।’পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন, আবদুল হাই ফারুকী, হাফেজ ওয়ালি উল্লাহ, মনিরুল ইসলাম, আবু বকর, আবু তাহা ও নয়ন।