পুলিশের সন্দেহ ছিনতাইকারীদের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজকে ছিনতাইকারীরা হত্যা করেছে বলে পুলিশ সন্দেহ করছে। মিরাজের খোয়া যাওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা তোলার চেষ্টা হওয়ায় পুলিশ এমন সন্দেহ করছে। তবে হত্যাকাণ্ডের এক মাস পরও জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।রাজধানীর খিলক্ষেত থানার পুলিশ গত ৮ মার্চ গভীর রাতে নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশ থেকে মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আহমেদ ইমতিয়াজ বুলবুল হত্যা মামলা করেন। মামলাটি খিলক্ষেত থানার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) তদন্ত করছে।তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, লাশ উদ্ধারের সময় মিরাজের মানিব্যাগ, ঘড়ি ও মুঠোফোন পাওয়া গেছে। কিন্তু তাঁর সঙ্গে থাকা দুটি ক্রেডিট কার্ড পাওয়া যায়নি। মনে হচ্ছে, ছিনতাইকারীরা মিরাজকে খুন করে ক্রেডিট কার্ড নিয়ে গেছে। তারা হয়তো নিরাপদ ও বেশি টাকা পাওয়া যাবে ভেবে মানিব্যাগ না নিয়ে ক্রেডিট কার্ড নিয়েছে। এ ঘটনায় জড়িত থাকতে পারে, ছিনতাইকারীদের এমন একটি দলকে ডিবি চিহ্নিতও করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ডিবি তদন্তে জানতে পেরেছে, হত্যাকারীরা মিরাজের সঙ্গে থাকা দুটি ক্রেডিট কার্ড নিয়ে গেছে। হত্যাকাণ্ডের পর উত্তরা ও ধানমন্ডিতে দুটি বেসরকারি ব্যাংকের দুটি এটিএম বুথে ওই দুটি কার্ড ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করা হয়েছিল। ব্যাংকের কাগজপত্র পর্যালোচনা করে এমন প্রমাণ পাওয়া গেছে। তবে ক্রেডিট কার্ড দুটি উদ্ধার করা যায়নি। তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধসহ দুটি কারণও থাকতে পারে। সেগুলোও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।আহমেদ ইমতিয়াজ বুলবুল গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এক মাস এক দিন পরও হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ আমরা জানতে পারিনি। যদিও পুলিশ বলছে, মামলার অগ্রগতি হচ্ছে।’ তিনি বলেন, তাঁরা ধরেই নিয়েছেন, হত্যার কারণ জানতে তাঁদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, মিরাজ হত্যার ঘটনায় অনেককেই তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন। শিগগির তাঁরা তদন্তের অগ্রগতি জানাতে পারবেন।গত মার্চে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মিরাজের লাশের প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন খিলক্ষেত থানায় পাঠানো হয়। এতে মিরাজের ঠোঁটের নিচে কালচে দাগ ও ডান কানের ওপর ছিলা জখমের উল্লেখ থাকলেও মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।ময়নাতদন্তকারী কর্মকর্তা সোহেল মাহমুদ মঙ্গলবার বলেন, মহাখালীর রাসায়নিক পরীক্ষাগার থেকে লাশের ভিসেরা প্রতিবেদন পাওয়া গেলে পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করে থানায় পাঠানো হবে। মিরাজকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাত ও নাকের হাড় ভাঙা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্যসহ মৃত্যুর কারণ উল্লেখ করা হবে।