পুলিশের সাবেক কর্মকর্তার পরিবার ও তাঁর ছেলের বউয়ের পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁর ছেলের বউ বৈশাখী ভট্টাচার্য। এই পুলিশ কর্মকর্তাও ছেলের বউয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ও মামলা করেছে।

আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈশাখী ভট্টাচার্য তাঁর মা–বাবা, সন্তানসহ ‘যৌতুকের দাবিতে প্রাণনাশের চেষ্টা—জীবনের নিরাপত্তার জন্য’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পাঁচ বছর আগে নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর ছেলে চিকিৎসক কামনাশীষ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়। বিয়েতে গয়না, আসবাবসহ বিভিন্ন সামগ্রী দেওয়ার পরও ৮০ লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বশুর, শাশুড়ি ও স্বামী মিলে তাঁকে নির্যাতন করে আসছেন। স্বামী তাঁর সন্তানেরও কোনো দায়িত্ব নেননি।

বৈশাখী ভট্টাচার্যের অভিযোগ, গত ২৩ মে স্বামী তাঁকে ছুরিকাঘাত করেন এবং শ্বশুর–শাশুড়ি মিলে নির্যাতন করেন। পুলিশ এসে দুই পক্ষকেই চট্টগ্রামের কোতোয়ালি থানায় নিয়ে যায়। থানা শ্বশুরপক্ষের মামলা নিলেও, তাঁর মামলা নেয়নি। সেদিন তিনি হাসপাতালেও ভর্তি হন। বৈশাখীর অভিযোগ, শ্বশুর পুলিশের সাবেক কর্মকর্তা হওয়াতে তিনি ভয়ে আছেন এবং পুলিশ প্রশাসনের সহায়তা পাচ্ছেন না ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ছেলের বউয়ের সব অভিযোগ মিথ্যা উল্লেখ করে নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ছেলের বউ তাঁর পা ভেঙে দিয়েছেন এবং তাঁরা পুরো পরিবার বৈশাখীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কোতোয়ালি থানা তাঁদের উদ্ধার করে। ছেলের সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে বৈশাখীর ছাড়াছাড়ি হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলাও করেছেন বলে জানান।

বৈশাখী ভট্টাচার্যের স্বামী কামনাশীষ চক্রবর্তীও স্ত্রীর আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর স্ত্রীই উল্টো টাকা, গয়না ও ফ্ল্যাট দাবি করেছেন তাঁদের কাছ থেকে। দফায় দফায় টাকাও দিয়েছেন এবং সন্তানের ভরণপোষণও দিচ্ছেন।

কোতোয়ালি থানা মামলা না নেওয়ার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, এক মাসের মধ্যে বৈশাখী ভট্টাচার্য তাঁর কাছে কোনো মামলার বিষয়ে আসেননি, বরং তিনিই এক মামলার আসামি।