পুলিশের সোর্সের চাঁদাবাজির জেরে খুন হন হায়দার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের বাসিন্দা ও ব্যবসায়ী কাজী জিয়া হায়দার হত্যার ঘটনায় নতুন করে এক আসামিকে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, বুধবার ইমরান হোসেন ওরফে জিতু নামের এই আসামিকে মিরপুর শাহ আলী থানার দিয়াবাড়ি রোড থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহূত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, গতকাল দুপুরে ইমরানকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার অন্যতম আসামি কারাগারে থাকা মো. মনিরকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।এর আগে ইমরান হোসেনকে গতকাল বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে ডিবির কর্মকর্তারা বলেন, মনির ও তাঁর ভাই নয়নের চাঁদাবাজির জেরে খুন হন জিয়া হায়দার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান বলেন, জিয়া হায়দারের কাছে প্রথম পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন মনির। চাঁদা আনতেই মনিরের ভাই নয়নসহ তাঁরা কয়েকজনও ঘটনার দিন জিয়া হায়দারের বাসায় গিয়েছিলেন।গত ২১ জানুয়ারি বাসায় ঢুকে কাজী জিয়া হায়দারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, চাঁদাবাজির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আগেই মনিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় সরাসরি জড়িত তাঁর ভাই নয়ন বিদেশ পালিয়ে গেছেন। হত্যায় জড়িত আরও কয়েকজনের নাম ইমরান পুলিশকে জানিয়েছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গ্রেপ্তার ইমরান সাংবাদিকদের বলেন, মনির ব্যবসার পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তিনি জিয়া হায়দারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। ওই চাঁদা আনতেই ২১ জানুয়ারি মনিরের ভাই নয়ন তাঁকেসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে জিয়া হায়দারের বাসায় যান। একপর্যায়ে হায়দারের স্ত্রী বাসা থেকে বের হয়ে দৌড় দিয়ে চিত্কার-চেঁচামেচি শুরু করেন। তখন তাঁরা সবাই বাসা থেকে বের হয়ে পালিয়ে যান। কিন্তু জিয়া হায়দার বাসার সিঁড়িতে তাঁকে জাপটে ধরায় তিনি আটকা পড়েন। এ সময় তিনি হাতে থাকা পিস্তল দিয়ে হায়দারকে গুলি করে পালিয়ে যান। ইমরান বলেন, স্থানীয় আয়নাল, পলাশ, রাসেলসহ বেশ কয়েকজন ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। মনিরের চাঁদা চাওয়ার কারণ তিনি জানেন না বলে দাবি করেন। ৬৫ হাজার টাকা দিয়ে আগ্নেয়াস্ত্রটি তিনি গাজীপুরের এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন বলে জানান। এডিসি মশিউর রহমান বলেন, জিয়া হায়দার এলাকার বিভিন্ন দালান নির্মাণের কাজে তাঁর পরিচিতদের শ্রমিক ও নির্মাণসামগ্রী সরবরাহকারী হিসেবে কাজ পাইয়ে দেন। নয়নও এ ধরনের নির্মাণকাজে শ্রমিক সরবরাহ করতেন। এ নিয়ে জিয়া হায়দারের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত। এর পর নয়ন চাঁদা দাবি করেন জিয়া হায়দারের কাছে। কিন্তু চাঁদা দিতে রাজি হননি জিয়া হায়দার। নয়ন বিষয়টি ইমরানকে জানান। তারই ধারাবাহিকতায় জিয়া হায়দারকে ‘উচিত শিক্ষা’ দিতে তাঁরা ওই বাসায় গিয়েছিলেন। ডিবির কর্মকর্তা মশিউর রহমান বলেন, ইমরান হেরোইন ব্যবসার সঙ্গেও জড়িত। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে হেরোইনও উদ্ধার করা হয়। এ ছাড়া তিনি একাধিক ডাকাতি মামলার আসামি।