পুলিশের হেফাজত থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলার এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি ময়মনসিংহ জেলার বড়বাড়ী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ লিটন। গত বছরের ১৭ আগস্ট তাঁকে একটি দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ। গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামি লিটনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে রাষ্ট্রপক্ষের সাক্ষী না আসায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে আসামি লিটন হ্যান্ডকাফসহ পালিয়ে যান। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কনস্টেবল সুলতান ও শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।