পুষ্টি পরিকল্পনা নিয়ে শীর্ষ পুষ্টিবিদদের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্টিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মসূচির মূলধারায় আনার কথা বলে সরকার আসলে কী করছে, তা অনেকেই জানতে পারছেন না। এতে দেশের অপুষ্টি সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় আছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক কর্মশালায় দেশের শীর্ষ পুষ্টিবিদেরা এসব কথা বলেন। হেলেনকেলার ইন্টারন্যাশনাল এবং এইডি/ফানটা-২ (খাদ্য ও পুষ্টি-বিষয়ক কারিগরি সহযোগিতা-২) যৌথভাবে ‘পুষ্টি ইস্যুকে স্বাস্থ্যসেবার মূলধারায় নিয়ে আসা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।বিশিষ্ট শিশুপুষ্টিবিদ এম কিউ কে তালুকদার বলেন, নানা সীমাবদ্ধতা থাকলেও জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) চালু ছিল—এমন এলাকার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। এ পর্যায়ে এসে এনএনপি বন্ধ করে দেওয়া কতটা যুক্তিযুক্ত হবে, তা ভেবে দেখা প্রয়োজন।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এস কে রায় বলেন, এনএনপিতে তদারকির অভাব ছিল। ১৪-১৫ বার নির্বাহী পরিচালক পদে রদবদল হয়েছে। তিনি বলেন, সরকারকে পুষ্টি প্যাকেটের ত্রুটি শুধরানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু পরামর্শ কেউ শোনেনি।কর্মশালায় পুষ্টিবিদেরা বলেন, আগামী পাঁচ বছরের জন্য স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি সরকার তৈরি করছে। কিন্তু তাতে পুষ্টির বিষয়ে কী থাকছে, সে সম্পর্কে দেশের শীর্ষ পুষ্টিবিদ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো পুরোপুরি অন্ধকারে আছে।ইউনিসেফের পুষ্টিবিশেষজ্ঞ মো. মোহসীন আলী বলেন, মন্ত্রণালয় পুষ্টি কার্যক্রম চালাতে পারছিল না বলেই এনএনপির জন্ম। এখন আবার এনএনপি বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ, কার্যক্রম থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তিনি বলেন, মূলধারা থেকে স্বতন্ত্র ধারা, আবার স্বতন্ত্র ধারা থেকে মূলধারায় ফিরিয়ে আনা এ নিয়ে বিতর্ক চলছে। আর দেশের অপুষ্টির সমস্যা আগের জায়গাতেই আছে।