পূজার সাজে সরগরম পোশাকঘর

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার দিন গণনা। প্রতিমার গায়ে পড়ছে শেষ মুহূর্তের তুলির টান। পূজা উপলক্ষে ভক্তরাও সাজবেন নতুন পোশাকে। তাই রাজধানীর পোশাক ঘর আর বিপণিবিতানগুলোতে উঠেছে নতুন পোশাক-আশাকের সম্ভার। শুরু হয়েছে পূজার কেনাকাটা।
গতকাল শুক্রবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ‘দেশী দশ’-এ গিয়ে দেখা যায়, এখানকার দেশীয় দশ ব্র্যান্ডই পূজার পোশাক নিয়ে প্রস্তুত। প্রদর্শনীর পুতুলগুলোর গায়ে লাল-সাদা-কমলা রঙের শাড়ি-পাঞ্জাবি-ধুতি। পূজা উপলক্ষে ফ্যাশন হাউস ‘রঙ’-এ এসেছে টেরাকোটা প্রিন্টের শাড়ি, পাঞ্জাবি, কামিজ। আরও এসেছে ‘ঔঁ’ আর ত্রিশূল হাতে দেবী দুর্গার ছবি ছাপা টি-শার্ট আর শাড়ি। দোকানটির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বললেন, এবার পূজায় তাঁদের ২৫টির বেশি নতুন ডিজাইনের শাড়ি ও দশ ডিজাইনের পাঞ্জাবি এসেছে।
দেশী দশের ‘বিবিয়ানা’-তে পূজা সামনে রেখে এসেছে লাল মসলিন শাড়ি। বিক্রয়কর্মী পারুল আক্তার বললেন, শাড়িগুলোর দাম পাঁচ হাজার থেকে শুরু হয়েছে।
মহালয়ার দিনেই সাপ্তাহিক ছুটির দিন পড়ায় ক্রেতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। মোহন কুমার দাশ তাঁর পরিবারকে নিয়ে পূজার কেনাকাটা করতে এসেছিলেন দেশী দশে। বললেন, দুই সন্তানের জন্য শাড়ি আর পাঞ্জাবি কিনেছেন। স্ত্রী আর নিজের জন্য কিনবেন পরে।
ধানমন্ডির সাত নম্বর রোডে অনলাইনভিত্তিক শাড়ির দোকান ‘পটের বিবি’র আয়োজনে মেলা শুরু হয়েছে। ‘বিবির পাবণ’ নামে এই মেলায় আরও অংশ নিয়েছে হাতে তৈরি গয়নার দোকান ‘বোকা বাক্স’, পোশাকের দোকান ‘ঈহা’ আর জুতা-ব্যাগের সংগ্রহ নিয়ে এসেছে ‘অরিগন।’ বিবির পাবণে ‘পটের বিবি’তে পাওয়া যাবে দেবীর প্রতিমা, নামাবলি, গণেশ, মাছ, প্যাঁচার নকশায় সুতির শাড়ি-ব্লাউজ পিস। দাম ৪৫০ থেকে ৩ হাজার টাকা। ‘ঈহা’য় আছে দুর্গা আর রাধাকৃষ্ণ শাড়ি। হাতে নকশা করা শাড়িগুলোর দাম শুরু হয়েছে প্রায় চার হাজার টাকা থেকে। ‘অরিগন’ এনেছে ময়ূর, কলকি আর প্রদীপ ডিজাইনের ব্যাগ ও জুতা। দাম ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এই মেলা চলবে আজ শনিবার রাত নয়টা পর্যন্ত।
মেলায় কেনাকাটা করতে আসা বেসরকারি চাকুরে অশোকা দাশ দেবী দুর্গা আর ‘ঔঁ’ নকশার শাড়ি কিনেছেন। বললেন, পূজায় এমন আয়োজন হওয়ায় তিনি আনন্দিত।
এ ছাড়া নিউ মার্কেট, গাউছিয়া মার্কেট, নাভানা বেইলি স্টার, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সেও সকাল থেকেই ছিল ক্রেতাদের ভিড়। তবে এসব বিপণিবিতানে ভারতীয় পোশাকের বিক্রি বেশি। গাউছিয়া মার্কেটের নিউ আশা ফ্যাশনের স্বত্বাধিকারী পারভেজ ইসলাম বলেন, ক্রেতারা ভারতীয় গাউন ও লেহেঙ্গা বেশি কিনছেন।