‘পূজায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঢাকা, ২২ অক্টোবর
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে ও দেশজুড়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গোয়েন্দা তথ্য অনুযায়ী এবার পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানান তিনি।
রাজধানীতে আজ বৃহস্পতিবার বনানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‍্যাবের মহাপরিচালক। তিনি বলেন, এবার সারা বিশ্ব মহামারির মধ্য দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকতে হবে। ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও র‍্যাব সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে।
পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‍্যাব সদস্য নিয়োজিত রয়েছে উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক বলেন, পূজাকে ঘিরে র‍্যাব ১৫ অক্টোবর থেকেই তৎপর রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ২৮ অক্টোবর পর্যন্ত র‍্যাব সদস্যরা মোতায়েন থাকবেন। র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড ও সুইপিং দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

র‍্যাবের ডিজি বলেন, পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। র‍্যাব জল-স্থল ও আকাশপথে ত্রিমাত্রিক অভিযানে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, পূজা উপলক্ষে র‍্যাবের এয়ার উইং প্রস্তুত রয়েছে। দেশজুড়ে পূজামণ্ডপকে ঘিরে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। মহানগর এলাকা ও জেলা শহরগুলোতে বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র‍্যাবের কুইক রেসপন্স টিম। জঙ্গিবাদী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো ধরনের নাশকতার সম্ভাবনা দেখছেন না।
র‍্যাবের মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা কেন্দ্রিক যেকোনো গুজব এড়াতে ও পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপন হবে। পরিবেশ সুন্দর রাখতে র‍্যাব অতীতেও সব সময় পাশে ছিল, এবারও পাশে রয়েছে।