পূর্ব জুরাইনে পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে, চুলায় আঁচ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব জুরাইনে গ্যাসের সরবরাহ লাইনের ছিদ্র হওয়া পাইপ সংস্কার করেনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। স্থানীয় লোকজন জানিয়েছেন, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এই পাইপের ছিদ্র অংশ দিয়ে বুদ্‌বুদ আকারে গ্যাস বের হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এ এলাকায় প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না। সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ হলেও চাপ খুবই কম থাকে। এতে বাসাবাড়িতে রান্নাবান্না কঠিন হয়ে পড়েছে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব জুরাইনের গ্যাসের সমস্যা সমাধানে তিতাসে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু তা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সন্ধ্যার পর লাইনে গ্যাসের চাপ কিছুটা বাড়লেই নালায় বুদ্‌বুদ বেড়ে যায়। এতে আগুন লাগার শঙ্কা থাকে। গত বছরের ২৪ অক্টোবর ‘জুরাইনে নালায় বুদ্‌বুদ দুর্ঘটনার ঝুঁকি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।

ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন প্রথম আলোকে বলেন, পূর্ব জুরাইনের গ্যাসলাইনের পাইপগুলো মাটির অনেক গভীরে। পাইপগুলোও অনেক পুরোনো। এর ফলে বিভিন্ন স্থানে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে। তিনি বলেন, এই এলাকায় দিনে দিনে নতুন আবাসন গড়ে উঠেছে। এতে মানুষের চাপ বাড়ছে। কিন্তু নাগরিকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না।

গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পূর্ব জুরাইনের খোরশেদ আলী সরদার রোডের ১১২, ১১২/১, ১১২/২ ও ১৩৯, ১৪০, ১৪১, ৭২৬/১ থেকে ৭৩৩ ও ১৮৫৪/১ থেকে ১৯০৫/৫ হোল্ডিং পর্যন্ত বাড়ির সামনের নালায় বুদ্‌বুদ আকারে গ্যাস বের হচ্ছে। এই রোডের করলা গার্মেন্টসের পাশে নালায় আরও ভয়াবহ অবস্থা। এই নালায় শব্দ করে বড় বড় বুদ্‌বুদে গ্যাস বের হচ্ছে। এ ছাড়া পূর্ব জুরাইন প্রধান সড়ক, মিষ্টির দোকান, তিতাস খাল, শ্যামপুর খালসহ এলাকার নালাগুলোতে বুদ্‌বুদ আকারে গ্যাস বের হতে দেখা গেছে।

গ্যাসের অভাবে দৈনন্দিন রান্নাবান্নার কাজে চরম দুর্ভোগের সম্মুখীন হন বলে অভিযোগ করেছেন তিতাস খালের বাসিন্দা রমজান আলী। তিনি বলেন, দিনের অধিকাংশ সময় এই এলাকায় গ্যাস থাকে না। সন্ধ্যায় গ্যাসের কিছুটা চাপ বাড়লেও নালা দিয়ে বুদ্‌বুদ আকারে গ্যাস বের হয়ে যায়। এতে এই এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।

খোরশেদ আলী সরদার রোডের বাসিন্দা শাহিনা বেগম বলেন, গ্যাস-সংকট থাকায় ভোরে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করতে হয়। দিনে সবাইকে এই ঠান্ডা খাবার খেতে হয়। এর মধ্যে কোনো মেহমান এলে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে হয়।

ডিএসসিসি ৫৩ নম্বর ওয়ার্ড সূত্র জানায়, গত বছর এই ওয়ার্ডে গ্যাসের নতুন পাইপ লাগাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তিতাস গ্যাসের মতিঝিলের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগে কয়েক দফায় আবেদন করা হয়েছে। কিন্তু তারা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। সবশেষ গত সোমবার ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের কাছে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্রের (দক্ষিণ) ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন বলেন, আবেদন পাওয়ার পর ওই এলাকার কিছু পাইপ সংস্কার করা হয়েছে৷ সংস্কার অযোগ্য লাইনে নতুন পাইপ বসাতে ‘পাইপলাইন ডিস্ট্রিবিউশন বিভাগে’ ফাইল পাঠানো হয়েছে।