পূর্ব নাখালপাড়ায় উড়ালসেতুর পথ না নামানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া দিয়ে প্রস্তাবিত উড়ালসেতুর নামার পথ (র‌্যাম্প) না করার দাবি জানিয়েছেন ওই এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। এই দাবিতে গতকাল সোমবার সকালে তিব্বত মোড় থেকে নাবিস্কো পর্যন্ত এক মানববন্ধনের আয়োজন করেন তাঁরা।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, সরকার যানজট নিরসনে রেললাইনের ওপর দিয়ে উড়ালসেতু তৈরির যে প্রকল্প গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। তবে পূর্ব নাখালপাড়া দিয়ে প্রস্তাবিত র‌্যাম্প সমর্থনযোগ্য নয়। কারণ, ওই এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, মসজিদ, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। র‌্যাম্প হলে ওই স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। এতে প্রায় ১০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে। তাঁরা পূর্ব নাখালপাড়া থেকে ২০০ ফুট দক্ষিণে তিব্বত সড়কে সরকারি জমির ওপর র‌্যাম্প তৈরির প্রস্তাব করেন।নাখালপাড়া বাজার মালিক সমিতির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ বলেন, র‌্যাম্পটি তাদের প্রস্তাবিত তিব্বত সড়ক দিয়ে করলে মাত্র ৩০০ ফুট জায়গার স্থাপনা ভাঙতে হবে, যা সরকারি জায়গায় নির্মিত। এতে সরকারের সাশ্রয়ও হবে। দোকানমালিক সাহাবুদ্দিন বলেন, দোকানদারি করে তাঁর মতো অনেক ব্যবসায়ীই জীবিকা নির্বাহ করে। এগুলো ভাঙলে সবাই পথে বসে যাবেন।মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিশুসহ সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেয়।