পূর্বাচল প্রকল্পে ভূমির মালিক ও ক্ষতিগ্রস্তদের জন্য ৭০০ প্লট
গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্রায় ৭০০ প্লট বরাদ্দ দেওয়া হবে। মূল অধিবাসীদের প্লট দেওয়া হবে বাড়িঘর থাকার প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে। এ ছাড়া প্রকল্প এলাকায় ক্রয়সূত্রে মালিক বা সাধারণ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্লটের জন্য আবেদন করতে পারবেন কমপক্ষে ১০ কাঠা বা সাড়ে ১৬ শতাংশ নিষ্কণ্টক জমি থাকলে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসন সূত্রে এ কথা জানা গেছে। ২০০৮ সালের ডিসেম্বরের শেষ দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয়। এর ভিত্তিতে আবেদনকারীদের নামে প্লট বরাদ্দের কাজও প্রায় শেষ করে আনা হয়। জমির মালিক ও ক্ষতিগ্রস্তদের আবেদনের সুযোগ না থাকায় ওই সময় প্লট এলাকায় বিক্ষোভ হয়েছিল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রাজউক বরাবর স্মারকলিপিও দেন।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, ওই সময় নীতিমালা না থাকায় আদি বাসিন্দা বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে কোনো আবেদনপত্র নেওয়া হয়নি। রাজউকের বিরুদ্ধে ভূমির মালিকদের করা মামলার কারণে নীতিমালা তৈরিতে দেরি হচ্ছিল। চেয়ারম্যান আরও জানান, রাজউক মামলায় জেতার পর জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গাজীপুর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়। এখন তাঁদের প্লট বরাদ্দ দেওয়ার যাবতীয় প্রক্রিয়া শেষ করা হয়েছে।পূর্বাচল নতুন শহর প্রকল্পে মোট দেড় হাজার একর জমির মধ্যে প্রথমে ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। বাকি এক হাজার ২০০ একর জমির জন্য সর্বশেষ ১২৪ কোটি ২২ লাখ টাকা গাজীপুর জেলা প্রশাসনকে দেওয়া হয় বলে রাজউক সূত্র জানায়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ৪০ শতাংশ আদি বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে জমির মূল্য বাবদ ক্ষতিপূরণের নির্ধারিত টাকা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুরের বড়কাউ ও পারাবর্তা মৌজা এলাকার জমির মালিকেরা প্লটের জন্য আবেদন করতে পারবেন। রাজউক ভবনে অবিস্থত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক থেকে এক হাজার টাকায় আবেদন ফরম সংগ্রহ করে আগামী ৩১ আগস্টের মধ্যে জমা দিতে হবে। মূল অধিবাসী এবং বাড়িঘরের সনদপত্রধারীরা প্লটের জন্য আবেদন করতে পারবেন। যাঁর জমির পরিমাণ এক বিঘা বা ৩৩ শতাংশের ওপরে, তিনি পাঁচ কাঠার প্লটের জন্য আবেদন করতে পারবেন। এর কম জমির মালিক মূল অধিবাসী আবেদন করতে পারবেন তিন কাঠার জন্য। এ ছাড়া সাধারণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি শুধু তিন কাঠার প্লটের জন্য আবেদন করতে পারবেন। মূল অধিবাসী এবং সাধারণ ক্ষতিগ্রস্ত—উভয়কেই আবেদনপত্রের সঙ্গে গাজীপুর জেলা প্রশাসনের এলএ (ল্যান্ড একুইজিশন) শাখা থেকে দেওয়া মূল অ্যাওয়ার্ড সনদ দাখিল করতে হবে।