পৃথক ঘটনায় ছয়জনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ছয়টি ঘটনায় ছয়জনের অপমৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন ট্রেনে কাটা পড়ে, দুজন গলায় ফাঁস দিয়ে, একজন সড়ক দুর্ঘটনায় ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার ও এর আগের রাতে এসব ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বেলা ১১টায় কুড়িল বিশ্বরোড এলাকায় ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন জহিরুল ইসলাম ওরফে আলম (৩৫)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। নিহত ব্যক্তির স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, আলম ভাড়া গাড়ির ব্যবসা করেন। সম্প্রতি তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।এর আগে বুধবার রাতে জোয়ারসাহারা এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হন হুমায়ুন (২৮)। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হুমায়ুন গাজীপুরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারায়।গতকাল সকালে খিলক্ষেত নামাপাড়ার একটি বাসা থেকে গৃহবধূ শান্তা (১৯) এবং বিকেলে কদমতলীর জনতাবাগ থেকে কলেজছাত্রী হাসনা হেনার (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব মুন্সি জানান, শান্তা স্বামী সাইদুল হকের সঙ্গে নামাপাড়ার ক/২১৬-এর একটি টিনশেডের ঘরে ভাড়া থাকতেন। গত বুধবার রাতে স্বামীর সঙ্গে শান্তার ঝগড়া হয়। এরপর সাইদুল বাসা থেকে বের হয়ে যান, ওই রাতে আর বাসায় ফেরেননি। পরের দিন সকালে সাইদুল বাসায় ফিরে ডাকাডাকি করলেও শান্তা দরজা খোলেননি। বিষয়টি বাড়ির মালিককে জানিয়ে সাইদুল চলে যান। পরে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিক পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা খুলে শান্তার লাশ উদ্ধার করে। তখনো ঘরের ছাদের সঙ্গে গলায় ওড়না পেঁচানো শান্তার লাশটি ঝুলছিল। কদমতলী থানার উপপরিদর্শক সুজিত কুমার সাহা বলেন, কদমতলীর জনতাবাগের হাবিবুল্লাহর মেয়ে হাসনা হেনা। গতকাল বিকেল চারটার দিকে ফ্যানের সঙ্গে ওড়নায় পেঁচানো তার লাশটি উদ্ধার করা হয়। হেনা দনিয়া কলেজের ছাত্রী ছিল। সে মানসিক সমস্যায় ভুগছিল বলে জানিয়েছে তার পরিবার।গতকাল ভোরে সূত্রাপুরের জয়কালী মন্দিরের সামনের রাস্তা থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও পাঞ্জাবি। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশ ধারণা করছে।ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র ও সূত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, গতকাল সকাল সাতটার দিকে স্থানীয় কিছু লোক অজ্ঞাতনামা এই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা পুলিশকে জানান, সকালে জয়কালী মন্দিরের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।গতকাল বিকেলে যাত্রাবাড়ীর শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সুতার ব্যবসায়ী ফারুক হোসেন (৩৮)। বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির বোন তাসলিমা জানান, গতকাল বিকেলে গোসল করতে গিয়ে ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আমতলীতে।