পৃথক ঘটনায় ছয়জনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক ঘটনায় ছয়জনের অপমৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ বায়তুল মোকাররমের পাশের একটি বাসার বারান্দা থেকে আবদুল মান্নান ওরফে আবদুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। অন্যদিকে দক্ষিণ যাত্রাবাড়ীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনে রেলে কাটা পড়ে রাসেল (১২) নামে এক কিশোর মারা গেছে। এ ছাড়া উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বাড্ডা এলাকা থেকে শাকিল মোল্লা (১৬) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। একই দিন বাসের ধাক্কায় নিহত হন তকদীর হোসেন (৫০) নামে এক ব্যক্তি।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আবদুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।নিহত আবদুল্লাহর গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নগরকান্দা গ্রামে। বাবা মৃত মাহফুজুর রহমান।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ফ্লাইওভারসংলগ্ন সড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঢাকা রেলওয়ে থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রেলে কাটা পড়ে গুরুতর আহত হয় কিশোর রাসেল। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ আরও জানায়, নিহত রাসেল মা-বাবার সঙ্গে বিমানবন্দর এলাকার একটি বস্তিতে থাকত। গতকাল তার ভাইসহ সে রেলের ছাদে উঠে কমলাপুর স্টেশনে যাচ্ছিল। খিদমাহ হাসপাতালের সামনে এলে সে পা পিছলে নিচে পড়ে যায়। এতে তার ডান পা ও হাত কাটা পড়ে।নিহত রাসেলের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী গ্রামে। বাবার নাম ওজুল মিয়া।উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, গতকাল বেলা ১১টার দিকে ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়ক এলাকার নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে মারা যান নির্মাণশ্রমিক রাকিব হোসেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়ক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন তকদীর হোসেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাটাই এলাকায়। বাবার নাম তোতা মিয়া। পুলিশ বাসটি আটক করেছে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ মধ্যপাড়ার আদর্শনগরের একটি বাসা থেকে শাকিল মোল্লার লাশ উদ্ধার করে। লাশটি বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।