পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার লাশগুলো উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। বাকি তিনজনের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। গতকাল দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহীন (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। খিলগাঁও থানা পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তিলপাপাড়ায় নুরানি মাদ্রাসার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শাহীন। দুপুরে পানির মটরের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।গতকাল সকালে গুলশান থানাধীন বিমানবন্দর সড়কের স্টাফ রোড রেলক্রসিংয়ের পূর্ব পাশের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানা পুলিশ জানায়, সকাল নয়টার দিকে রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গতকাল ভোরে বাড্ডা থানাধীন নর্দ্দা বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা। কলাবাগান থানাধীন ২৬ ফ্রি স্কুল স্ট্রিটের বাসা থেকে ফ্যানে ওড়না পেঁচানো অবস্থায় ঊষা (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামীর নাম জিয়াউর রহমান। কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মেয়েটির বাবা ফিরোজ আহমেদ বাদী হয়ে কলাবাগান থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। রাজধানীর দক্ষিণখান থানাধীন আইনুসবাগের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহিদ খান রনি (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রনির মামা জসীমউদ্দীন জানান, জাহিদ মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। গতকাল ভোরে হাজারীবাগ থানাধীন ১৪৮/২ হাজী আকতার হোসেন রোড থেকে জাকিয়াতুন্নেসা (১৫) নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের ধারণা সে আত্মহত্যা করেছে।