পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু
রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ছুরিকাঘাতে, দুজন সড়ক দুর্ঘটনায়, দুজন গলায় ফাঁস দিয়ে এবং একজন ভবন থেকে পড়ে মারা যান। ছুরিকাঘাতে মৃত্যু: ছুরিকাঘাতে আহত সজল হক (১৮) নামের এক যুবক গতকাল শনিবার সকালে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে মারা গেছেন। সজলের ভগ্নিপতি মো. আকবর জানান, সজল মা-বাবার সঙ্গে উত্তরপাড়ার বাগবাড়ি এলাকায় থাকতেন। গত ৩০ আগস্ট এলাকার কয়েকজন যুবকের সঙ্গে সজলের কথা-কাটাকাটি হয়। গতকাল রাত নয়টার দিকে মীমাংসার কথা বলে ওই যুবকেরা তাঁকে ফোন করে বালুর মাঠে নিয়ে যায়। সেখানে তারা সজলের পিঠে আকস্মিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সজলকে উদ্ধার করে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যান। সেখানে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। ছুরিকাঘাতকারী যুবকদের নাম জানা যায়নি। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। সড়ক দুর্ঘটনা: তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল একটি প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ নূরুন্নবী (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে লেগুনার চালকের সহযোগী ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে যাত্রী নেওয়ার জন্য চালক জাকির হোসেনের সঙ্গে নূরুন্নবী লেগুনাযোগে ফার্মগেটে যাচ্ছিল। এ সময় ভুল পথে বিপরীত দিকে দিয়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নূরুন্নবী গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পাঁচটার দিকে সে মারা যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, চালকসহ প্রাইভেট কারটি আটক করা হয়েছে।উত্তরা থানার পুলিশ জানায়, সাত নম্বর সেক্টর সড়কে গত শুক্রবার রাত ১২টার দিকে গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা নারী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর শিশুসন্তানও আহত হয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলায় ফাঁস: গত শুক্রবার রাতে রামপুরা থেকে আলী হোসেন (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বলেন, আলী হোসেন স্ত্রীসহ রিয়াজবাগের উত্তর মৌলভীরটেক এলাকার থাকতেন। খবর পেয়ে শুক্রবার রাত নয়টার দিকে ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে গলায় তোয়ালে প্যাঁচানো অবস্থায় ছিল। পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আলী হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। তাঁর বাবা মৃত আজগর আলী। মিরপুরের শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রেবেকা খানম বলেন, ওই দিনই ১০/৬ সড়কের এক বাসা থেকে মোছাম্মৎ রেশমা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামীর নাম রুবেল নায়েব আলী। পারিবারিক কলহের জের ধরে রেশমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ভবন থেকে পড়ে মৃত্যু: কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক খান বলেন, গতকাল সকালে মিরপুর ১৪ নম্বর এলাকার পুলিশ ফাঁড়ি-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সুজন (১৯) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁর বাবা তাশেম আলী ওই ভবনের ব্যবস্থাপক। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। সুজনের গ্রামের বাড়ি চাঁপাইনবাগঞ্জের নাচোলে।