পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় গতকাল সোমবার রাজধানীতে দুজনের অপমৃত্যু হয়েছে। এঁদের একজন গৃহকর্মী ও আরেকজন গাড়িচালক।

ধানমন্ডি থানার পুলিশ জানায়, গতকাল বিকেল পৌনে চারটার দিকে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত ) ধানমন্ডি ১১-এ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের ছয়তলার ফ্ল্যাট থেকে শিরীন (২২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছেন। ওই ফ্ল্যাটের রান্নাঘরের মেঝেতে চিৎ হয়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর চুলও কাটা ছিল। পুলিশ জানায়, সাত মাস আগে মাসিক তিন হাজার টাকা বেতনে ওই বাড়িতে কাজে যোগ দেন শিরীন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। বাড়ির আরেক গৃহকর্মী ফাতেমা বলেন, কয়েক দিন ধরে শিরীন অসুস্থ ছিলেন। গতকাল তিনি অসুস্থ হলে গৃহকর্তা শাহরিয়ার ও তাঁর স্ত্রী বদরুন্নাহার ভুঁইয়া ধরাধরি করে এনে রান্নাঘরের মেঝেতে শুইয়ে শুশ্রুষা করেন। কিন্তু মেয়েটি মারা যায়।

গতকাল রাত পৌনে ১০টার দিকে শিরীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এদিকে গতকাল রাতে পশ্চিম শেওড়াপাড়া থেকে তফসির হোসেন ওরফে সোহাগ (২৬) নামে এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার এসআই বজলার রহমান বলেন, গলায় ফাঁস দিয়ে গাড়িচালক তফসিরের মৃত্যু হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, বিষয়টি নিশ্চিত নয়। পুলিশ যাওয়ার আগেই তাঁর স্বজনেরা লাশ নামিয়ে রাখে।