পৃথক ঘটনায় নয়জনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় রাজধানীতে নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতি ও বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনজন, গলায় ফাঁসের কারণে তিনজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনের মৃত্যুর কারণ অস্পষ্ট।বুধবার রাত ১০টায় কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত হন আবদুল আজিজ জুলহাজ (৪৫)। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁর কদমতলীতে। তিনি ঢাকার ইন্দিরা রোডের একটি বিপণিবিতানের মসজিদের ইমাম।তেজগাঁও থানার উপপরিদর্শক আবদুল হাই জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে চালকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। চালকের নামও আবদুল আজিজ।ফার্মগেট এলাকায়ই গতকাল বেলা তিনটায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন আনিছুল হক (৩৮) নামের এক ব্যবসায়ী। আহতাবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে চারটার দিকে তিনি মারা যান। তাঁর স্ত্রী দীপান্বিতা হক মোহাম্মদপুরে একটি স্কুলের শিক্ষক। তাঁদের আট বছরের একটি ছেলে রয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগে মনোয়ারা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন নূর আলম ওরফে নুরু মিয়া (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। নুরু মিয়ার মা রাবেয়া বেগম জানান, তাঁদের বাসা ৩৫/১০ গোলাপবাগে। গলায় ফাঁস: গতকাল সকালে শাহআলী থানার একটি বাসা থেকে মাইনূর বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।মাইনূর মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তাঁর স্বামী বিল্লাল হোসেন পুলিশকে বলেছেন। গতকাল সকাল ছয়টা থেকে আটটার মধ্যে তিনি গলায় ফাঁস দেন। পরে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল সড়কের একটি বাড়িতে গলায় ফাঁস দেওয়া রানী ওরফে রানু (২০) নামের এক তরুণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রানীকে নিয়ে গত মঙ্গলবার সেলিম নামের এক তরুণ ওই বাড়িতে ওঠেন। সেলিম বাড়ির মালিক সাগর মিয়ার ভগ্নিপতি। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণী ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন। তা দেখে ফেলে বাড়ির লোকজন। তাঁকে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ বাড়ির মালিক সাগর মিয়াকে আটক করেছে।বাড্ডা থানার আনন্দনগরের একটি দোকান থেকে গতকাল সকালে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোসলেম ইসলাম (১৭) নামের ওই তরুণ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে মোসলেমের স্বজনেরা।বুধবার রাতে পল্লবীতে মো. মামুন (৩৬) নামের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, রূপনগর আবাসিক এলাকার একটি ভবনে আলোকসজ্জার কাজ করার সময় রাত তিনটার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। একই রাতে ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা বাজার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও লাল চেক শার্ট।মতিঝিল থেকে গতকাল সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের ভিত্তির নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি কোনোভাবে ওই খালে পড়ে গিয়েছিলেন। তাঁর ডান চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।