পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শাহবাগ ও খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আরমান (১৫) ও নূর আলম (১৭) নামের দুই কিশোর মারা যায়। মিরপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে মো. রাসেল (৩৫) ও হোসেনি দালান এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. এনামুল (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান বলেন, গতকাল বেলা পৌনে একটার দিকে একটি বাইসাইকেলে করে শাহবাগ যাচ্ছিল আরমান, ফয়সল ও আন্না নামের তিন কিশোর। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে এটিসিএল পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের সাইকেলকে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা দেড়টার দিকে আরমান মারা যায়।
খিলগাঁও উড়ালসেতুর সামনে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে নূর আলম মারা যায়। সে ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী সৈকত পরিবহনে বাসচালকের সহযোগীর কাজ করত। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায়। নূর আলম বাসের ছাদে ঘুমিয়ে ছিলেন।
মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় একটি গ্রিলের দোকানের সামনে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে মো. রাসেল মারা যান। দুপুর পৌনে ১২টার দিকে রাসেল মোটরসাইকেলে করে তাঁর ভাই মো. নাসিরের গ্রিলের দোকানের সামনে আসেন। মোটরসাইকেলটি থামার সঙ্গে সঙ্গে পাশের বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দেড়টার দিকে তিনি মারা যান। পুরান ঢাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এনামুল হক নিহত হয়েছেন। সকাল আটটার দিকে হোসেনি দালান এলাকায় এ ঘটনা ঘটে। এনামুলের বাড়ি গাইবান্ধায়।