পৃথক দুর্ঘটনায় নিহত ৮
রাজধানী ও এর আশপাশে গত রোববার ও শনিবার পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। সূত্র জানায়, রোববার সকালে মিরপুরে কাভার্ড ভ্যান ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হন। একই দিন গাবতলী এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবক, খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক তরুণী নিহত হন। এ ছাড়া বাসের ধাক্কায় আহত এক অজ্ঞাতনামা নারী গত রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শনিবার পল্টন, বিমানবন্দর ও বেড়িবাঁধের ধৌড় এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে জানান, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর এক নম্বর এলাকার নবাবের বাগ এলাকায় আবদুল্লাহপুর থেকে মিরপুরগামী যাত্রীবাহী হিউম্যান হলারের (ম্যাক্সি) সঙ্গে মিরপুর থেকে আশুলিয়াগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ম্যাক্সির চালক রাজধানীর তুরাগের নয়ানগরের আমীর আলীর ছেলে আবদুল জব্বার (২৬) ও ক্যাবের যাত্রী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবউলা গ্রামের মোকান্দ মধুর ছেলে সুরঞ্জন মধু (২৩)। এতে আটজন আহত হন। ঘটনার পরপর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পল্টন থানার পুলিশ জানায়, রোববার সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রাশিদা খাতুন (৫০) নামের এক মহিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গত রোববার বিকেলে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় শাহনারা আক্তার (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ শনাক্ত করেন তাঁর মামা জাহাঙ্গীর হোসেন। নিহতের বাড়ি কুমিল্লা সদরে। তাঁর মামা জাহাঙ্গীর জানান, দুই মাস আগে তাঁর বিয়ে হয়। এক সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে কাউকে না বলেই বের হয়ে আসেন শাহনারা। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর লাশ পাওয়া যায়।এদিকে, বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরসংলগ্ন সড়ক পার হওয়ার সময় আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা মহিলা মারা গেছেন। এ ঘটনায় বাসসহ চালক মঞ্জু মিয়াকে আটক করা হয়েছে। গত শনিবার রাত নয়টার দিকে পল্টন কমিউনিটি সেন্টারসংলগ্ন সড়ক পার হওয়ার সময় একটি সিএনজির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর বাসা নয়াপল্টনের ইঞ্জিনিয়ার কোর্ট এলাকায় বলে জানা গেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, ঘটনার পর রাশিদা খাতুনের পরিবারের সঙ্গে সিএনজির মালিক পক্ষের সমঝোতা হয়েছে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে কাওলা বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় একটি পানি বহনকারী গাড়ি উল্টে যায়। এতে প্রদীপ অধিকারী (২৮) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। প্রদীপ ওই গাড়ির চালক বলে জানা গেছে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বেড়িবাঁধ সড়কের ধৌড় এলাকায় গাড়ির ধাক্কায় সজীব ওরফে সবুজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।রোববার রাত সোয়া ১১টার দিকে গাবতলী থেকে সাজু (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দারুসসালাম থানার পুলিশ জানিয়েছে, পূর্বাচল ফিলিং স্টেশনের সামনের রাস্তায় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি যশোরের পালবাড়ীতে।