পৃথক বাসের ধাক্কায় বাসচালক ও সহযোগীর মৃত্যু
এবার কোনো যাত্রী কিংবা সাধারণ পথচারী নয়, বাসের ধাক্কায় মারা গেছেন ভিন্ন দুটি বাসের চালক ও চালকের সহযোগী। গতকাল রোববার রাজধানীর গাবতলী ও কদমতলীতে প্রায় একই সময় ওই দুটি ঘটনা ঘটে। দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) হেলেনা পারভীন বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে গাবতলী পুলিশ ফাঁড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন বেঙ্গল পরিবহনের বাসচালক তৈয়ব আলী (৩৮)। এ সময় অপর একটি বাস তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে তিনি মারা যান। এসআই বলেন, মৃতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে। তৈয়ব আলীর গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শেখেরপুরে। বাবা আকবর আলী। তিনি চার সন্তানের জনক ছিলেন।এদিকে প্রায় একই সময় কদমতলীতে বাসের ধাক্কায় মারা গেছে মো. সুমন (১৭) নামের এক কিশোর। সে ঝিলিক পরিবহনের একটি বাসের চালকের সহযোগী ছিল। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গতকাল পোস্তগোলা ব্রিজের কাছে বাসের যাত্রী ডাকছিল সুমন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সুমনের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। বাবা আব্বাস আলী। সে গাবতলীর মাজার রোড এলাকায় থাকত।