পৃথক লেনে বিআরটিসি বাস চললে যানজট কমবে
পৃথক লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পর্যাপ্ত বাসের মাধ্যমে সহজে ঢাকার যাতায়াত সমস্যার সমাধান করা সম্ভব। এ জন্য মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে যাত্রীর চাহিদা নির্ধারণ, পৃথক লেন তৈরি ও বিআরটিসির ব্যবস্থাপনা উন্নত করা প্রয়োজন। কিন্তু দুর্নীতি, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির বাসগুলো জনগণের কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারছে না।
গতকাল মঙ্গলবার কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। ক্রমবর্ধমান যানজট নিরসনে ‘বিআরটিসির জন্য পৃথক লেন ও পর্যাপ্ত বাস’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে পবা।
বৈঠকে বক্তারা বলেন, প্রথমেই মুঠোফোন অ্যাপস বা মুঠোফোন তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে ঢাকার মানুষের কাছে তাদের প্রতিদিনের যাতায়াতের তথ্য সংগ্রহ করা হবে। পরে প্রধান সড়কগুলোতে প্রাথমিকভাবে স্থানান্তরযোগ্য ডিভাইডার দিয়ে বাসের জন্য পৃথক লেন তৈরি করতে হবে। এভাবে বিআরটিসির বাস পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়। এতে শহরের যানজট সমস্যার সমাধান হবে৷ এ ছাড়া বৈঠকে বাসগুলোর চলাচল জিপিএসের মাধ্যমে নজরদারিতে রাখার সুপারিশ করা হয়।
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ঢাকার যানজট সমস্যা সমাধানে ফ্লাইওভার, ওভারপাসসহ বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু শহরের অধিকাংশ নাগরিক সে সেবা পান না৷ এখন বিআরটি ও মেট্রোর মতো প্রকল্পগুলোতেও অধিকাংশ মানুষের সুবিধার বাইরে থাকবে।
পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, বিআরটিসির একমাত্র নিজস্ব ডিপো ও অনেক মানসম্মত বাস রয়েছে। পৃথক লেনে এসব বাস চলাচল নিশ্চিত করা গেলে যাতায়াতের সমস্যা অনেক হ্রাস পাবে।
পবার সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম বলেন, ঢাকায় দিনে অন্তত ২১ লাখ পরিবহন ট্রিপের প্রয়োজন। কিন্তু যানজটের কারণে মাত্র তিন ভাগের একভাগ ট্রিপ দেওয়া হচ্ছে। ফলে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। অথচ গণপরিবহনের সংকটের বিপরীতে ঢাকায় প্রতিদিন নামছে ৩১৭টি ব্যক্তিগত গাড়ি।
আবু নাসের খানের সভাপতিত্বে বৈঠকে পবার সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ, পবার সহসম্পাদক স্থপতি শাহীন আজিজ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক পরিচালক মনিরা আক্তার, নগর পরিকল্পনাবিদ শাহজাবিন কবির, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত বক্তব্য দেন।