পৃথক শিশু অধিদপ্তরের দাবি

বাংলাদেশে শিশু অধিকার প্রতিষ্ঠায় আলাদা দপ্তরসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কিছু সুপারিশ করেছে শিশু অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট ‘জয়েনিং ফোর্সেস বাংলাদেশ চাইল্ড রাইটস নাউ’।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ছয়টি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এ জোট দেশের সামগ্রিক শিশু অধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব সুপারিশ করেছে।
‘রুট টু রাইটস চিলড্রেন আর স্পিকিং আপ’ নামে এই প্রতিবেদনের সুপারিশগুলো হলো জাতীয় বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি, বৈষম্য দূর করার লক্ষ্যে তথ্য সংগ্রহের ব্যবস্থা শক্তিশালীকরণ, শিশুদের মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা, সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং পৃথক শিশু অধিকার অধিদপ্তর প্রতিষ্ঠা, শিশু শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, শিশুদের প্রতি সহিংসতা রোধে আইনি ব্যবস্থা নেওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য সমন্বিত ব্যবস্থা নেওয়া ও তাদের এগিয়ে নেওয়ার জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকার যথেষ্ট আন্তরিক।
প্রতিবেদনটির গবেষক দলের প্রধান হিসেবে মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। তিনি বলেন, শিশুদের অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠায় সবার সদিচ্ছা থাকলেও তা কার্যকর হতে কমই দেখা যায়। বাল্যবিবাহ রোধে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স বলেন, এই প্রতিবেদন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো শনাক্ত এবং প্রয়োজনে যৌথ অ্যাডভোকেসি পরিচালনার ওপর আলোকপাত করবে।
‘জয়েনিং ফোর্সেস বাংলাদেশ চাইল্ড রাইটস নাউ’–এর সংস্থাগুলো হলো এডুকোবাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল, টেরে দেস হোমস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে অন্য সংস্থাগুলোর প্রধানেরা উপস্থিত ছিলেন।