পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাঁরা হলেন সুরুজ মিয়া (৩৫) প্রদ্যুৎ কুমার পোদ্দার (৩৫) ও মো. সুমন (২২)।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে সুরুজ মিয়া বিমানবন্দর সড়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশের সহায়তায় পথচারী তরিকুল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুরুজ মিয়া পূর্ব নাখালপাড়া লিচুবাগান এলাকার আকবর হোসেনের ছেলে।
সকাল সাড়ে নয়টার দিকে টিকাটুলীতে জয়কালী মন্দিরের সামনে বেপরোয়া গতির একটি বাস প্রদ্যুৎ কুমার পোদ্দারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে প্রদ্যুৎকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রদ্যুতের আত্মীয় দেবাশীষ বিশ্বাস বলেন, কয়েক দিন আগে প্রদ্যুৎ তাঁর টিকাটুলীর বাসায় বেড়াতে আসেন। সকালে তাঁর মতিঝিল যাওয়ার কথা ছিল। তাঁর বাড়ি চাঁদপুর সদরের আদালতপাড়া এলাকায়। প্রদ্যুতের বাবার নাম সরজিৎ পোদ্দার।
গতকাল দুপুর ১২টার পর সুমন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় আমিরের গ্যারেজের সামনে একটি গাড়ির ইঞ্জিন মেরামত করছিলেন। ওই সময় পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।