পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
রাজধানীতে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকসহ তিনজন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন জালাল হোসেন (১৮) ও জয় (২০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে পোশাক কারখানার শ্রমিক জালাল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। জালাল মিরপুর সাড়ে ১১ নম্বরের একটি মেসে থাকতেন। গতকাল সকালে তিনি বাসা থেকে পল্লবীর ৭ নম্বর সেকশনে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাঁর বাবার নাম খলিলুর রহমান। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের খর্কিতে।অন্য দুর্ঘটনাটি ঘটে দুটি বাসের পাশাপশি ধাক্কায়। সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানে মালঞ্চ পরিবহন নামের একটি বাসের চালকের সহকারী জয় (২০) বাসের গেটে দাঁড়িয়েছিলেন। এ সময় অন্য একটি বাস মালঞ্চ পরিবহনকে অতিক্রম করে যাওয়ার সময় ওই বাসের ধাক্কায় জয় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।একই দিন বেলা ১১টার দিকে কাওলা ওভারব্রিজের কাছে দ্রুতগতির একটি বাস অজ্ঞাত এক যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এ ব্যাপারে পল্লবী, খিলক্ষেত ও পল্টন থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ তিনটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পানিতে ডুবে মৃত্যু: গতকাল দুপুরে ডেমরার কোনাপাড়ায় বাসার কাছে একটি পুকুরে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের শিশু শ্রাবন্তী। শ্রাবন্তী মা-বাবার সঙ্গে কোনাপাড়ার বাশেরপুলের বাসায় থাকত। বেলা আড়াইটার দিকে সবার অজান্তে শিশুটি বাসার পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার লাশ ভেসে ওঠে। শ্রাবন্তীর বাবা আবদুস সাত্তার পেশায় দিনমজুর।