পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বন্ধে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ আগস্ট বিকেলে মিরপুর সড়কে গণভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় শিশুসন্তানসহ রাস্তায় ছিটকে পড়েন এক ব্যক্তি। তাঁরা উঠে দাঁড়াতে না দাঁড়াতেই একটি মাইক্রোবাস শিশু শারমিনকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে শারমিন মারা যায়। জামালউদ্দিন চিকিত্সাধীন। তিনি কল্যাণপুরে থাকেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।বাসচাপায় দুজন নিহত: ঈদের দিন দৈনিক বাংলা মোড়ে ঢাকা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন মতিঝিলের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী আবু বকর সিদ্দিক। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু বকর রাস্তা পার হওয়ার সময় বাসটির চাপায় ঘটনাস্থলেই মারা যান। তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। পুলিশ ওই বাসসহ চালক জসিমকে আটক করেছে।এর আগে ১৭ আগস্ট গভীর রাতে খিলক্ষেতে লোটাস কামাল টাওয়ারের সামনে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।দুজনের অস্বাভাবিক মৃত্যু: মিরপুরের উত্তর পীরেরবাগে গতকাল বুধবার সকালে গৃহবধূ রিক্তা আক্তারের (২২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সকালে তাঁর স্বামী মঞ্জুরুল হক ও দেবর সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমান তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। লালবাগের রাজনারায়ণ ধর রোডের একটি বাসা থেকে গতকাল সকালে মাসুদুর রহমান আদেল নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশের ধারণা, পরিবারের লোকজন মাদক সেবনে বাধা দেওয়ায় তিনি আত্মহত্যা করেন।